বিশ্বের প্রভাবশালী ৫০ ব্যক্তির তালিকায় আবেদ
বিশ্বের প্রভাবশালী ৫০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরচুন এই তালিকা তৈরি করেছে। পত্রিকাটির চলতি সংখ্যায় তালিকাটি প্রকাশ করা হয়।
তালিকায় ফজলে হাসান আবেদের স্থান ৩২তম। রাজনীতিবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তি নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে।
তালিকার শীর্ষ পাঁচ ব্যক্তি হলেন পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ফোর্ড মোটর কোম্পানির সিইও অ্যালান মুলালি, মার্কিন ধনকুবের ও ব্যবসায়ী ওয়ারেন বাফেট এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
তালিকায় স্থান লাভকারী উল্লেখযোগ্য অপর ব্যক্তিরা হলেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি, বিশিষ্ট তিব্বতি নেতা ও ধর্মগুরু দালাই লামা, জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কিশোরী কর্মী মালালা ইউসুফজাই। বাংলাদেশিদের মধ্যে এ তালিকায় একমাত্র স্থান লাভকারী ব্যক্তি হলেন ফজলে হাসান আবেদ।