বিশ্বের বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষ স্থানে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন এনজিও অ্যাডভাইজারের পর্যালোচনায় ব্র্যাক ২০১৬ সালে বিশ্বের ১ নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ডের বিষয়ে নিরীক্ষা চালানোর পর এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারার প্রবর্তন ও টেকসই উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে বলে গত রোববার এনজিও অ্যাডভাইজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই স্বীকৃতি অর্জনের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এই অর্জন বাস্তবিকভাবেই ব্র্যাকের জন্য একটি বিরাট সম্মানের ব্যাপার। বিশ্বজুড়ে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্র্যাকের কর্মীরা উদ্ভাবনী ও কার্যকর সমাধানের প্রসারে নিয়োজিত রয়েছেন। তাঁদের এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপই এই সম্মাননা।’
এনজিও অ্যাডভাইজার সংগঠনটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৃঢ়ভাবে যুক্ত হয়ে বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকাণ্ড মূল্যায়ন করে থাকে। ২০০৯ সাল থেকে সংগঠনটি এই র্যা ঙ্কিং প্রথা চালু করে। এবারের র্যা ঙ্কিয়ে ব্র্যাকের ঠিক পরের অবস্থানে থেকে দ্বিতীয় হয়েছে সুইজারল্যান্ডের ডক্টরস উইদাউট বর্ডার্স। তালিকায় উল্লেখযোগ্য এনজিওগুলোর মধ্যে রয়েছে অক্সফাম (পঞ্চম), সেভ দ্য চিলড্রেন (নবম) এবং গ্রামীণ ব্যাংক (দ্বাদশ)।
বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১২টি দেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ ব্র্যাকের এসব কর্মসূচির সুবিধাভোগী। বিজ্ঞপ্তি।