আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বিশ্বের যেকোনো স্থানে সেনা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে বিশ্বের যেকোনো সংঘাতপূর্ণ ও বিপৎসংকুল স্থানে সেনা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত। আর এই কাজে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে সব পদক্ষেপ নেওয়া হবে।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পেশাদারিত্ব, সততা, মনোযোগ, সাহসিকতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, তাঁর সরকার বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। একই সঙ্গে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের গৃহীত উদ্যোগগুলো অনুসরণ করছে।
শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকার জাতিসংঘ অফিসের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশের শান্তিরক্ষীদের চেতনা ও পেশাদারিকে অনন্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে ১০টি মিশনে আমাদের শান্তিরক্ষী আছে। নিউইয়র্কে সদর দপ্তর পর্যায়ে ও অন্যান্য ফিল্ড মিশন পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু পদে আমাদের সৈন্য নিয়োগের জন্য আমরা সম্প্রতি প্রস্তাব পেয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, এসব অবশ্যই দেশের বলিষ্ঠ অবস্থান ও আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার সুফল। এ ধরনের পদে অধিক সংখ্যক সদস্য নিয়োগের ব্যাপারে প্রয়াস অব্যাহত থাকবে। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪০ দেশের ৫৪টি মিশনে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আরও অবদান রাখতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস অনুষ্ঠানে বক্তব্য দেন।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হলো বাংলাদেশ। বিভিন্ন মিশনে এখন বাংলাদেশের ৯ হাজার ৫৯৩ সদস্য কর্মরত। প্রধানমন্ত্রী পরে মালি ও কঙ্গোতে শান্তিরক্ষীদের কার্যক্রম নিয়ে সেনাবাহিনীর যেসব শান্তিরক্ষী সদস্য ভিডিও কনফারেন্স কাজে উন্নয়ন ঘটান তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।