বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা প্রস্তুত। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সরকার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যথাযথ সরঞ্জামসহ বাংলাদেশের সব সদস্য যাতে আরও দক্ষতার সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, সে জন্য সরকারের প্রয়াস অব্যাহত থাকবে।জাতিসংঘের অধীনে বাংলাদেশ বিশ্বের যেকোনো প্রান্তে অতি স্বল্প সময়ে সেনা মোতায়েনে সক্ষম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে শান্তি মিশনে অংশগ্রহণ নির্ভর করছে আমাদের শান্তিরক্ষী পাঠানোর ক্ষমতা এবং উন্নততর প্রশিক্ষণের ওপর।’শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত সদস্যরা বাংলাদেশকে শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করে বিশ্বে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে। বিশ্বের সংঘাতপূর্ণ বিভিন্ন স্থানে শান্তি রক্ষার কাজে জীবন উৎসর্গকারী বীরদের তিনি স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশনসে বাংলাদেশের আনুপাতিক প্রতিনিধিত্বের জন্য তাঁর দাবির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তিরক্ষা মিশনগুলোর পরিকল্পনা ও কৌশলেও আমাদের কথা বলার সুযোগ চেয়েছি। আমাদের কূটনৈতিক উদ্যোগের কারণে গত ২২ মার্চ আইভরি কোস্টে বহুজাতিক বাহিনীর ফোর্স কমান্ডার হিসেবে আমাদের একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা মোতায়েন হয়েছেন।’প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র ও পুলিশ বাহিনীর অংশগ্রহণ যাতে আরও বাড়ানো যায়, সে জন্য ইতিমধ্যে বেশ কিছু এপিসি ক্রয়সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী আয়োজিত এ অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, বিআইপিএসওটির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার আবুল বাশার ইমামুজ্জামান ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আর্থার এরকেন বক্তৃতা করেন।ুুপ্রধানমন্ত্রী অনুষ্ঠানে শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় শহীদ পরিবার ও আহত সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সেনা, নৌ, বিমান ও পুলিশ এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পিসকিপার্স রান: আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল সশস্ত্র বাহিনী বিভিন্ন কার্যক্রম পালন করে। দিবসের শুরুতে সকাল সাতটায় তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের মসজিদ কমপ্লেক্স থেকে ‘পিসকিপার্স রান’-এর আয়োজন করা হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এই দৌড় কর্মসূচি উদ্বোধন করেন। সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনী এবং ইউএনডিপির ৬০০ সদস্য ও ঢাকা সেনানিবাস এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়।