বিশ্বের শীর্ষ প্রভাবশালী অর্থনীতিবিদদের তালিকায় ড. ইউনূস

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদ ও ব্যবসা চিন্তাবিদদের এক নতুন তালিকায় স্থান পেয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তালিকায় স্থান পাওয়া ১৫ জনের মধ্যে তাঁর অবস্থান ১১তম।
মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ওই তালিকা তৈরি করেছে। তালিকায় শীর্ষে রয়েছেন অর্থনীতি বিশারদ পল ক্রুগম্যান। লেখক ও পরামর্শদাতা গ্যারি হ্যামেলকে ছিটকে ফেলে এবার তিনি শীর্ষ এই স্থান দখল করে নেন। ক্রমানুসারে তালিকায় স্থান পাওয়া অন্য ব্যক্তিরা হলেন অর্থনীতিতে নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিজ, মাইক্রোসফটের সাবেক চেয়ারম্যান বিল গেটস, মাইকেল পর্টার, থমাস ফ্রিডম্যান, এরিক স্মিট, রিচার্ড ব্র্যানসন, ম্যালকম গ্ল্যাডওয়েল, রবার্ট রিক, জ্যাক ওয়েলচ, মুহাম্মদ ইউনূস, নিয়ল ফার্গুসন, মাইকেল ডেল, হাওয়ার্ড গার্ডনার ও জিমি ওয়েলস।
গুগল অনুসন্ধানে (সার্চ) অবস্থান, গণমাধ্যমে পাওয়া প্রচারণা ও প্রতিষ্ঠানিক কৃতিত্বের ভিত্তিতে পত্রিকাটি এ তালিকা তৈরি করেছে। হার্ভার্ড বিজনেস স্কুলের রিসার্চ লাইব্রেরিয়ান জেফ্রে ক্রোনিনকে নিয়ে এ বছরের তালিকাটি সংকলন করেন ব্যাবসন কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও ‘হোয়াটস দ্য বিগ আইডিয়া?’ বইয়ের লেখক টম ড্যাভেনপোর্ট।
এদিকে ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, স্যার রিচার্ড ব্র্যানসন ও পুমার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোচেন জিট প্রতিষ্ঠিত বৈশ্বিক অলাভজনক উদ্যোগ ‘বি টিম’-এ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সদ্য যোগ দিয়েছেন মুহাম্মদ ইউনূস। গত ১৩ জুন এর কার্যক্রম শুরু হয়। ওয়াল স্ট্রিট জার্নাল ও ইউএনবি।