বিশ্বের সঙ্গে তাল মেলাতে চাই শক্তিশালী সশস্ত্র বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দপ্তরে রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দপ্তরে রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: বাসস

কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই, আমরা চাই না কোনো কিছুতেই পিছিয়ে থাকি। এ বিষয় মাথায় রেখেই আমরা সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলছি।’

গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দপ্তরে রেজিমেন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য কাজ করে পিজিআর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো সামাজিক দানব দমিয়ে সরকারের সাফল্য অব্যাহত রাখারও সংকল্প ব্যক্ত করেন।

পিজিআর কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মঞ্চে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘আজ আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন। সেখানে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাঁদের কাজ করতে হয়। সে ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যেন কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকেন, সেদিক থেকে তাঁদের জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। কীভাবে তাঁদের আরও উন্নত, সমৃদ্ধ করা যেতে পারে, সেদিকে লক্ষ রেখে আমরা সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উন্নত দেশের মতো অত বেশি আমরা পারব না। কিন্তু তারপরও আমাদের যা আছে তা-ই যেন আমরা গর্ব করে বলতে পারি এবং বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে পারি। সেদিকে লক্ষ রেখে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পিজিআর সদস্যদের নিজ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারপ্রধান হিসেবে এ রেজিমেন্টের সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত আমার দেখা হয়। কারণ, প্রতিনিয়তই আপনারা দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে রোদ, বৃষ্টি, ঝড়-তুফান সব উপেক্ষা করেও আপনারা দায়িত্ব পালনে অটল থাকেন। আপনাদের এ একনিষ্ঠ কর্তব্য পালন আমাকে মুগ্ধ করে, গর্বিত করে। সেই সঙ্গে আপনাদের কাজের দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও একাগ্রতা প্রমাণ করে। এ জন্য আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে পিজিআর সদস্যদের দক্ষতা ও উৎকর্ষ বাড়াতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালে শাহাদতবরণকারী পিজিআর সদস্যদের কথা স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের স্বজনদের সমবেদনা জানান।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও পিজিআরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। দায়িত্ব পালনকালে নিহত পিজিআর পরিবারের সদস্যদের হাতে অনুদান ও উপহার তুলে দেন তিনি।