বিশ্বের সব বাঙালিকে হাসিনার শুভেচ্ছা
দেশ এবং দেশের বাইরে থাকা সব বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, ‘আশা করি পুরোনো জঞ্জাল ধুয়েমুছে বাঙালির জীবনে নবযাত্রা শুরু হবে। নববর্ষে বয়ে আনবে আনন্দ-উচ্ছ্বাস, উন্নত সম্ভাবনাময় ও সুন্দর জীবন।’
সবার জীবন সুন্দর ও সফল হোক কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাসহ সারা দেশে বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ পালিত হচ্ছে। এই উত্সব-উদ্দীপনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও মানুষের জীবনে স্বতঃস্ফূর্ত আনন্দ বিরাজ করছে।
তিনি বলেন, ‘প্রতিটি জায়গায় খোঁজ রেখেছি। সারা দেশের মানুষ উত্সাহ-উদ্দীপনা ও নিরাপদে এ উত্সব পালন করছে।’
শুভেচ্ছা বিনিময়ের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।