বিশ্বের সেরা এনজিওর তালিকায় শীর্ষে ব্র্যাক
বিশ্বের সেরা এনজিওর তালিকায় ব্র্যাক প্রথম স্থানে চলে এসেছে। সুইজারল্যান্ডের দ্য গ্লোবাল জার্নাল সাময়িকীর ২০১৩ সালের তালিকায় প্রভাব, উদ্ভাবন ও স্থায়িত্ব—এই তিনটি মানদণ্ডের ভিত্তিতে ৪৫০টি এনজিওর মধ্যে ব্র্যাক শীর্ষস্থান লাভ করেছে। গত বছরের তালিকায় ব্র্যাকের অবস্থান ছিল চতুর্থ। এবার অক্সফাম, কেয়ার ও সেভ দ্য চিলড্রেনকে পেছনে ফেলে ব্র্যাক শীর্ষে চলে আসে।এবারের ঘোষণায় বলা হয়, ‘ব্র্যাকের বিশাল ব্যাপ্তি এবং প্রভাব আমাদের মনে বিস্ময় জাগায়। প্রায় ১৩ কোটি মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সংস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সংস্থাটি ১০ কোটি জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। বর্তমানে তাদের এক লাখ দুই হাজার কর্মী রয়েছে। ৫০ লাখ ঋণগ্রহীতার কাছে ব্র্যাক প্রায় এক হাজার কোটি ডলার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে।’দ্য গ্লোবাল জার্নালে শীর্ষ এনজিও হওয়ার প্রাপ্তি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, এ স্বীকৃতি দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে আরও উদ্ভাবনী ও দক্ষতার সঙ্গে কাজ করতে ব্র্যাককে উৎসাহিত করবে। ব্র্যাকের কর্মীদের কাজের নিষ্ঠা ও আত্মনিবেদনের ফলেই আজকের এ অবস্থানে উন্নীত হওয়া সম্ভব হয়েছে।