বিশ্বের ৩ কোটি সাইটের মধ্যে প্রথম আলোর অবস্থান ৯৯৫
ইন্টারনেটে প্রথম আলো আরেক ধাপ এগোল। এই প্রথম বাংলাদেশের কোনো ওয়েবসাইট অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে এক হাজারের মধ্যে প্রবেশ করল। এখন অ্যালেক্সার হিসাব অনুযায়ী, বিশ্বের তিন কোটি ওয়েবসাইটের মধ্যে প্রথম আলোর অবস্থান ৯৯৫।
অ্যালেক্সা (alexa.com) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-কেন্দ্রিক অ্যামাজনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তারা বিশ্বের তিন কোটি ওয়েবসাইট বিবেচনায় নিয়ে তাদের পাঠকপ্রিয়তা যাচাই করে। এই পাঠকপ্রিয়তা ঠিক করা হয়, পাঠকের ওয়েবসাইট ব্যবহারের (ব্রাউজিং বিহেভিয়ার) নিরিখে।
অ্যালেক্সার হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে ভিজিটর বা দর্শক যেসব দেশি সাইট দেখেন, সেগুলোর মধ্যে প্রথম আলো শীর্ষে। অ্যালেক্সাই বলছে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা হয় ফেসবুক। তারপর আছে গুগল, গুগল ডটকম ডটবিডি, ইউটিউব, ইয়াহু ও ব্লগপোস্ট। এরপর ৭ নম্বরে আছে প্রথম আলো ডটকম (prothom-alo.com)।
অ্যালেক্সার হিসাবে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম আলোর সবচেয়ে কাছের বাংলাদেশি সাইটটি প্রথম আলোর চেয়ে ৩৯৮ ধাপ পেছনে রয়েছে। আর গুগল অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বিশ্বের ২০০টি দেশ থেকে ১৬ লাখের বেশি পাঠক নিয়মিত প্রথম আলো পড়েন। মোবাইল অ্যাপসের মাধ্যমেও প্রথম আলো পড়ছেন বিপুলসংখ্যক পাঠক।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিমবিয়ান, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ব্ল্যাকবেরি ফোনে প্রথম আলোর অ্যাপস ডাউনলোড হয়েছে ছয় লাখের বেশি। মোবাইলভিত্তিক অ্যাপলিকেশন নিউজহান্টের মাধ্যমে প্রতিদিন ৪০ হাজারের বেশি পাঠক প্রথম আলো পড়েন।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) প্রথম আলোর উপস্থিতি উল্লেখযোগ্য। এ পর্যন্ত ফেসবুকে প্রথম আলোকে পছন্দ করেছেন (লাইক) পাঁচ লাখ ১৫ হাজার ১৫৭ জন। ফ্যান সংখ্যার হিসাবে ফেসবুকে বাংলাদেশের সব করপোরেট ফ্যান পেজগুলোর মধ্যে প্রথম আলোর অবস্থান শীর্ষে।
শিগগিরই পাঠক প্রথম আলো ডটকমকে নতুন নকশায় দেখতে পাবেন। বর্তমানে প্রথম আলোর নতুন সাইটের পরীক্ষামূলক সংস্করণ চলছে। বর্তমান সাইটে নতুন সংস্করণের সংযোগ দেওয়া রয়েছে, সেখান থেকে পাঠক নতুন সাইটটিতে গিয়ে এ বিষয়ে তাঁদের মতামত জানাতে পারছেন। নতুন সাইট সম্পর্কে পাঠকদের মতামত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে প্রথম আলো কর্তৃপক্ষ। নতুন সাইটের ঠিকানা: http://beta.prothom-alo.com/
এ ছাড়া ই-প্রথম আলোর মাধ্যমেও প্রতিদিনের ছাপা পত্রিকাটি বহু অনলাইনে পড়তে পারছেন পাঠকেরা। এটা এখন বাংলাদেশের ১ নম্বর ই-পেপার সাইট। অ্যালেক্সার হিসাবে বাংলাদেশে ই-প্রথম আলো রয়েছে ৪৯ নম্বর অবস্থানে। গুগল অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৬১টি দেশ থেকে চার লাখের বেশি পাঠক নিয়মিত ই-প্রথম আলো পড়েন।
ডিজিটাল মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশ থেকে প্রায় ২১ লাখ পাঠক নিয়মিত প্রথম আলো পড়েন।
বিশ্বের ২০০টি দেশ থেকে যাঁরা নিয়মিত প্রথম আলো পড়ছেন, তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘পাঠক যাতে ডিজিটাল মাধ্যমে আরও সহজে প্রথম আলো পড়তে পারেন, নিজেদের মতামত জানাতে পারেন সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে পাঠকের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’