বিশ্বের ৩৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৬তম অবস্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ফোর্বস’ সাময়িকী এ তালিকা করেছে। গত বছর এ তালিকায় তিনি ছিলেন ৫৯তম অবস্থানে।
গতকাল সোমবার নতুন তালিকা প্রকাশ করেছে ‘ফোর্বস’। এতে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা দেওয়ার পাশাপাশি বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২৬ নারীর তালিকা তুলে ধরা হয়। এর মধ্যে শেখ হাসিনার অবস্থান ১৫তম।
শত ক্ষমতাধর নারীর তালিকায় রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১১ জন। এর মধ্যে রানি এলিজাবেথও রয়েছেন।
১০০ জনের তালিকায় ফার্স্ট লেডি থেকে শুরু করে আছেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বিনোদন-জগতের ব্যক্তিরাও বাদ পড়েননি তালিকা থেকে।
ক্ষমতাধর শত নারীর তালিকায় প্রথম স্থানে আছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি এ তালিকায় ছয় বছর ধরে শীর্ষ স্থান ধরে রেখেছেন। দ্বিতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রেরই ফেডারেল রিজার্ভের প্রধান জেনেট ইয়েলেন আছেন তৃতীয় অবস্থানে।
তালিকায় চতুর্থ অবস্থানে আছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি টেরেসা বাররা পঞ্চম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা ল্যাগার্দে আছেন ষষ্ঠ অবস্থানে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা আছেন ক্ষমতাধর শত নারীর তালিকার ত্রয়োদশ অবস্থানে।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী এবং দেশটির বর্তমান গণতান্ত্রিক সরকারের উপদেষ্টা অং সান সু চি শত ক্ষমতাধর নারীর মধ্যে ২৬তম। আর ২৬ জন সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিকের তালিকায় দ্বাদশ অবস্থানে তিনি।
সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯০ বছর বয়সী রানির অবস্থান ২৯তম। তালিকায় নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারি ৫২তম অবস্থানে।
ভারতের চারজন নারী ক্ষমতাধর নারীর তালিকায় আছেন। তবে তাঁদের কেউই রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তালিকায় ২৫তম অবস্থানে আছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুন্ধতী ভট্টাচার্য। আর আইসিআইসিআই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা চন্দা কোছার ৪০তম, বিকন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিরণ মজুমদার-শ ৭৭ এবং এইচটি মিডিয়ার সোবহানা ভারতীয়া আছেন ৯৩তম স্থানে।