বিশ্বের ৪৭তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় তিনি ৪৭তম স্থানে আছেন। চতুর্থবারের মতো তালিকার শীর্ষস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস গত বুধবার এ তালিকা প্রকাশ করে৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলিন ক্ষমতাধর নারীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন৷ তাঁর পরই তৃতীয় স্থানে আছেন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস৷ ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
ফোর্বস-এর এ ক্ষমতাধর নারীর তালিকা তৈরিতে বিশ্বে নীতিনির্ধারণীতে তাঁদের প্রভাব, কী পরিমাণ অর্থ তাঁরা নিয়ন্ত্রণ করেন কিংবা অর্জন করেন এবং গণমাধ্যমে তাঁদের উপস্থিতির মতো বিভিন্ন বিষয় বিবেচনা করে নম্বর দেওয়া হয়।

এবারের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা রয়েছেন অষ্টম আর ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল সেন্ডবার্গ আছেন নয় নম্বরে।