
এ বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তালিকার ৪৭তম স্থানে রয়েছেন তিনি৷ চতুর্থবারের মতো তালিকার শীর্ষস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ খবর ফোর্বস ডট কমের৷
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস গত বুধবার এ তালিকা প্রকাশ করে৷ তালিকার দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলিন৷ তৃতীয় স্থানে রয়েছেন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস৷ চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ৷
ফোর্বস-এর এ ক্ষমতাধর নারীর তালিকা তৈরিতে বিশ্বে নীতিনির্ধারণীতে তঁাদের প্রভাব, কী পরিমাণ অর্থ তাঁরা নিয়ন্ত্রণ কিংবা অর্জন করেন এবং গণমাধ্যমে তাঁদের উপস্থিতি প্রভৃতি বিষয় বিবেচনা করে নম্বর দেওয়া হয়৷ এবারের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা রয়েছেন অষ্টম স্থানে৷