বিশ্ব ইজতেমাকে ঘিরে হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব​ ইজতেমাকে ​ঘিরে জঙ্গি সংগঠনের কোনো ধরনের হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আজ রোববার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী কার্যালয় চত্বরে মতবিনিময় সভা করেন মন্ত্রী। সভা শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিশ্ব ইজতেমা ঘিরে কোনো জঙ্গি সংগঠনের হুমকি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, যা কিছু হতে পারে বা হবে—সবকিছু মাথায় নিয়েই আমরা কাজ করছি।’

টঙ্গীর তুরাগতীরে ১৩ জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় বলেন, ‘আগামী বিশ্ব ইজতেমা সুন্দর হবে, সফল হবে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সব সময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন, আরও কী সহযোগিতা করা যায়, তারও খোঁজখবর নিচ্ছেন তিনি। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো বিশ্ব ইজতেমা। কে কোন রাজনীতি করেন, তার ভেদাভেদ ভুলে সবাই এখানে কাজ করেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও আলোচনা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার মুরব্বি মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাঁদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।

মু​ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘এ বছর বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের সামনে বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। আমরা আশা করি, আমাদের সচেতনতা, একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ব ইজতেমার মুরব্বিদের সহযোগিতা নিয়েই আমরা ওই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’