জামালপুর রেলস্টেশন দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে প্রায় ১৫ হাজার যাত্রী। রেলস্টেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগার দুটি সব সময় বন্ধ থাকে। এ অবস্থায় যাত্রীদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রী সূত্রে জানা যায়, পুরো স্টেশনে দুটি বিশ্রামাগার রয়েছে। কিন্তু সব সময়ই দুটি বিশ্রামাগারই বন্ধ থাকে। প্ল্যাটফর্মের কোথাও বসার জায়গাও নেই। ট্রেন না আসা পর্যন্ত যাত্রীদের দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এ ছাড়া স্টেশনটিতে যাত্রীদের জন্য নেই পানির ব্যবস্থাও। অথচ এই স্টেশন দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে প্রায় ১৫ হাজার যাত্রী।
জামালপুর স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-জামালপুর রেলপথে আন্তনগর তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, অগ্নিবীণা এক্সপ্রেস, বেসরকারি কমিউটার ও তিনটি লোকাল ট্রেন চলাচল করে। এসব ট্রেনে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১৫ হাজার যাত্রী চলাচল করে। এসব যাত্রীর জন্য স্টেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির দুটি বিশ্রামাগার রয়েছে।
আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে বুলবুল আহম্মেদ নামের এক ব্যক্তি ঢাকায় যাওয়ার জন্য সম্প্রতি পরিবার-পরিজন নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে প্ল্যাটফর্মে দুই শিশুসন্তান নিয়ে দাঁড়িয়ে আছি। কোথাও বসার জায়গা নেই। দুটি বিশ্রামাগারে তালা লাগানো। এভাবে প্রায় সব যাত্রীই দাঁড়িয়ে থেকে দুর্ভোগ পোহাচ্ছে। স্টেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে বলেও কোনো লাভ হয় না।’
স্টেশনমাস্টার মির্জা মো. শামছুল আলম বিশ্রামাগার বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, কোনো উপায় নেই। স্টেশনে লোকবলের অভাবে বিশ্রামাগার খোলা হয় না। এতে যাত্রীরা যে দুর্ভোগ পোহায়, এটা সত্য। তবে বিষয়টি প্রতি মাসে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হচ্ছে। কিন্তু কোনো লাভ হয়নি।