বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকায় হাত-পা চেপে ধরে জোর করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে গৃহবধূ নাজমাকে। গৃহবধূর ভাই ফয়সল গত বুধবার রাতে স্বামী, শাশুড়ি, ননদসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।ফয়সল জানান, ৬ নভেম্বর নাজমাকে শারীরিকভাবে নির্যাতন করে হাত-পা চেপে ধরে একপর্যায়ে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়। ঘটনাটি বিষপানে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে। পুলিশ এ ব্যাপারে মামলা নিতে অনীহা প্রকাশ করে। ফলে স্থানীয় লোকজন বুধবার সন্ধ্যায় থানা ফটকের সামনে নাজমা হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেন। এরপর রাত ১০টায় পুলিশ মামলা গ্রহণ করে।এলাকাবাসী জানান, নয় বছর আগে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকার আবু নাজেরের মেয়ে নাজমার (২২) সঙ্গে একই উপজেলার পারুয়া ইউনিয়নের সাহাব্দিনগর গ্রামের কাতারপ্রবাসী নুরুচ্ছাপার (৩৭) বিয়ে হয়। এর পর থেকে যৌতুকের জন্য নির্যাতন শুরু হয় নাজমার ওপর। ৬ নভেম্বর তাঁকে শারীরিক নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যা করেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। ফয়সল অভিযোগ করেন, ৬ নভেম্বর দুপুর ১২টায় বিষ খাওয়ানোর খবর পেয়ে বিকেল পাঁচটায় নাজমাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে সন্ধ্যার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টায় তিনি মারা যান। জীবিত অবস্থায় স্বামী, শাশুড়ি, ননদসহ পাঁচজন মিলে জোর করে বিষ খাইয়ে দেওয়ার কথা বলেন নাজমা। নাজমার বড় মেয়ে ফাহিমা (৭) তার মাকে জোর করে হাত-পা চেপে ধরে গালে বিষ ঢেলে খাইয়ে দেওয়ার কথা বলেন। এ সময় সে চিৎকার করে কান্না করছিল বলে জানায়।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মঞ্জুর মোর্শেদ এ প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নাজমার স্বামী, শাশুড়িসহ পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছে।