বিষ ছিটিয়ে জমির ধান নষ্ট, দুই ভাইয়ের কান্না
রংপুরের বদরগঞ্জের দক্ষিণ বাওচণ্ডি ডাঙ্গাপাড়া গ্রামে বিষ দিয়ে দুই ভাই ইয়াকুব আলী ও শাহাদত হোসেনের ৬৮ শতক জমির ধান নষ্ট করে দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ রাতে এ কাজ করে বলে ক্ষতিগ্রস্ত দুই ভাই অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, ওই দুই ভাইয়ের জমির আশপাশের খেতগুলোতে লাগানো বোরো ধানের গাছ থেকে শিষ বেরিয়েছে। শুধু মাঝখানের ওই ৬৮ শতকে লাগানো বোরো ধানই হলদে রং ধারণ করেছে।
দুই ভাই অভিযোগ করেন, উপজেলার বটপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন, শামসুল হক ও আবদুল মোন্নাফের সঙ্গে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছে। তাঁরাই রাতে বিষাক্ত কিছু ছিটিয়ে ধানগুলো নষ্ট করেছেন।
চোখের পানি ফেলতে ফেলতে ইয়াকুব আলী বলেন, ‘পৈতৃক সূত্রে আমরা ওই জমিটুকু পাইছি। রিকশা চালাইয়া জমানো ১৫ হাজার টাকা দিয়া দুই ভাই মিলা ওই ধান লাগাই। আগের দিনও তরতাজা গাছ দেখছি। আশা ছিল ৬৫ থেইকা ৬৮ মণ (প্রতিমণ ২৮ কেজি) ধান পামু। এখন মনে হয় এক কেজিও পামু না।’ তিনি আরও বলেন, গতকাল সকালে অবস্থা দেখার পরই তাঁর ভাই শাহাদত বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তোফাজ্জল, শামসুল ও মোন্নাফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দেন তিনি।
তবে তোফাজ্জল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহাদত ও ইয়াকুবই জোর করে আমাদের ওই জমি ভোগদখল করছেন। তবে ওই জমিতে কারা বিষ দিয়েছে তা জানি না।’
সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রেয়াজুল আলম বলেন, অতিরিক্ত বিষাক্ত কোনো দ্রব্য ছিটিয়ে ওই ধানখেত নষ্ট করা হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) কমল রায় বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।