বিষ ঢেলে অর্ধকোটি টাকার মাছ নিধন
রাজশাহীর বাগমারায় একটি বিলে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন করা হয়েছে। এলাকার লোকজন বাণিজ্যিক ভিত্তিতে বিলটিতে মাছ চাষ করছিলেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মরাবিলে স্থানীয় খয়রা, মন্দিয়াল, বীরকয়া ও ঠাকুরপাড়া গ্রামের লোকজন এবার বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ শুরু করেন। সেখানে ১৫ লাখ টাকার মাছ চার মাস আগে তাঁরা অবমুক্ত করেন। গত শুক্রবার রাতে বিলে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দেয়। এতে মাছগুলো ছটফট করতে থাকে। পাহারাদারেরা দেখতে পেয়ে মাছ উদ্ধারে তৎ পর হন। স্থানীয় মরাবিল মৎ স্য সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন জানান, বিষ প্রয়োগের ঘটনায় তাঁদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।সমিতির সদস্য মাহাবুবর রহমান, দীনেশ চন্দ্র, ইউনুছ আলীসহ অন্যরা অভিযোগ করেন, মন্দিয়াল গ্রামের জনৈক জাবের আলী নামের এক প্রভাবশালী দীর্ঘদিন ধরে বিলটি দখল করে মাছ চাষ করে আসছিলেন। এবার লোকজন তাঁর হাত থেকে বিলটি উদ্ধার করে নিজেরাই মাছ চাষ করছিলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বিষ প্রয়োগে মাছ নিধন করেছেন। জাবের আলী তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ‘আমি বাইরে আছি।’ তবে তিনি ১০ বছর ধরে বিলটিতে মাছ চাষ করার কথা স্বীকার করেছেন।