বিষ ঢেলে মাছ নিধন, দুশ্চিন্তায় চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে বগুড়ার শেরপুরে বিভিন্ন পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার প্রবণতা বেড়েছে। মৎস্যচাষিদের অভিযোগ, দুর্বৃত্তরা এভাবে প্রতিবছর প্রায় দুই কোটি টাকার মাছ ধ্বংস করছে।মৎস্যচাষিদের ভাষ্যমতে, নভেম্বর ও চলতি ডিসেম্বরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ ধ্বংস করেছে। এর মধ্যে ২৪ নভেম্বর উপজেলার চণ্ডেশ্বর গ্রামের জহুরুল ইসলামের পুকুরে আট লাখ টাকার, ৮ ডিসেম্বর মাকোরকোলা গ্রামের শফিকুল ইসলামের পুকুরে ১২ লাখ টাকা ও ১৫ ডিসেম্বর খোট্টাপাড়া গ্রামের ফকরুল ইসলামের পুকুরে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়। উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্রসহকারী সাইফুল ইসলাম জানান, গত তিন মাসে উপজেলার ভবানীপুর, সীমাবাড়ী ও পাঁচবাড়িয়া গ্রামে আরও তিনটি পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে প্রায় ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি জহুরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে উচ্চ মাত্রার বিষ ঢেলে মাছ মেরে ফেলছে। আরেক ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান, বিষ প্রয়োগে তাঁর প্রায় ৪০০ মণ মাছ মরে ভেসে ওঠে। মরে যাওয়া মাছ খাওয়ার অনুপযোগী হয়ে পড়ায় তা বিক্রিও করা যায় না।উপজেলা মৎস্য চাষি সমবায় সমিতির সহসভাপতি আবদুর রাজ্জাক জানান, বছর দু-এক হলো শেরপুরের বিভিন্ন পুকুরে রাতের আঁধারে মাছ মেরে ফেলার প্রবণতা বেড়েছে। এতে প্রতিবছর প্রায় দুই কোটি টাকার মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেক চাষি উপজেলার একাধিক পুকুরে মাছ চাষ করেন। ভয়ে কেউ মামলা করার সাহস পান না।মৎস্য কর্মকর্তা সন্তোষ কুমার সরকার জানান, দুর্বৃত্তরা ভারতীয় বিষাক্ত থায়াডিন পুকুরে ঢেলে দিয়ে মাছ মেরে ফেলছে। এসব মরে যাওয়া মাছ মানুষ খেলে নানা রোগের সৃষ্টি হতে পারে। এ জন্য গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, কোনো চাষি এমনভাবে ক্ষতিগ্রস্ত হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জানান, মাছ চাষ নিয়ে এমন সমস্যার কথা কেউ তাঁকে জানায়নি। তিনি আগামী মাসে উপজেলা পরিষদের সমন্বয় কমিটি ও আইনশৃঙ্খলা সভায় এ বিষয় নিয়ে আলোচনা করবেন।