বিষ ঢেলে মাছ শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানের বাংলাডহর এলাকার জুড়ী নদীতে গতকাল বুধবার ভোরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। বিষে আক্রান্ত হয়ে আধামরা হয়ে ভেসে উঠেছে পুঁটি, ট্যাংরা, চাপিলা, কালবাউশ, মৃগেল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা। পাশাপাশি কিছু ব্যাঙ, সাপ ও কাঁকড়াও মরে ভেসে উঠেছে।নদীর বিভিন্ন স্থানে বাঁশের খুঁটি পুঁতে দুর্বৃত্তরা তাতে নিষিদ্ধ কারেন্ট জাল পেতে রেখেছে। এসব জালে আটকা পড়েছে বিষাক্রান্ত মাছ। গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে গেলে কুলাউড়ার লইয়ারাই গ্রামের মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও জয়চণ্ডীর আজিজ উদ্দিন জানান, তাঁরা শৌখিন মাছশিকারি। প্রতিবছর শুষ্ক মৌসুমে তাঁরা বড়শি দিয়ে বিভিন্ন নদীতে মাছ ধরেন। তাঁরা আরও জানান, গতকাল ভোর চারটার দিকে তাঁরা বাংলাডহরে আসেন। এ সময় ওপারের আট-দশজন লোক কয়েকটি বালতি ও প্লাস্টিকের বোতলে ভরা কিছু তরল পদার্থ নদীর বাঁকে ঢেলে চলে যান। এর ঘণ্টাখানেক পর বিভিন্ন প্রজাতির মাছ আধামরা হয়ে নদীতে ভেসে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, নদীতে পানি কমে গেলে ওপারের বড়ডহর গ্রামের তেরা মিয়া ও মাহতাব মিয়াসহ তাঁদের পরিবারের লোকজন বিষ ঢেলে মাছ নিধন করেন। গতকালের ঘটনায়ও তাঁদের সম্পৃক্ততা ছিল। একাধিকবার যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত দুই ব্যক্তির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ইউছুফ প্রথম আলোকে জানান, খবর পেয়ে তিনিসহ পরিবেশ অধিদপ্তর ও পুলিশের লোকজন বাংলাডহরে যায়। সেখান থেকে পাঁচটি কারেন্ট জালসহ বেশকিছু মরা মাছ জব্দ করা হয়েছে। আলামত হিসেবে বিষমেশানো পানি সংগ্রহ করা হয়েছে। বিষাক্রান্ত মাছ মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ আইনেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি জানান, বিষ ঢেলে মাছ নিধন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নৌকায় করে জায়ফরনগর ইউনিয়নের কণ্ঠিনালা সেতু থেকে ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও পর্যন্ত জুড়ী নদীতে মাইকিং করা হয়।