বিষ ঢেলে হাজার হাঁস মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল রোববার একটি খামারে কীটনাশক ছিটিয়ে এক হাজার হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এলাকার অনেকে জানান, উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ রানীগাঁও গ্রামের মরহুম খলিলুর রহমানের স্ত্রী খুলেছা খাতুন (৩৬) গত ফেব্রুয়ারি মাসে এক হাজার ২০টি হাঁসের একটি খামার দেন। গতকাল সকালে খাদ্য গ্রহণের পর হঠাৎ হাঁসগুলো মরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এক হাজার হাঁস মরে যায়।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা কৌশলে হাঁসের খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিতে পারে। প্রতিবেশী হুরমুজ আলী জানান, বিধবা এই নারীর ছোট দুটি মেয়েকে নিয়ে খুব অভাবের মধ্য দিয়ে সংসার চলত। অর্থাভাবে একমাত্র ছেলেকে ওই বিধবা এতিমখানায় দিয়েছেন। কিন্তু কে বা কারা বিষ দিয়ে ওই নারীর সব শেষ করে দিয়েছে।
খুলেছা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে স্থানীয় এক সমিতি থেকে মাসিক শতকরা পাঁচ টাকা সুদে ৩০ হাজার টাকা ঋণ নিই। পরে ঋণের টাকা দিয়ে হাঁসের বাচ্চাগুলো কিনেছি। প্রতিদিন এক হাজার ৫০০ টাকার খাদ্য কিনতে হতো। এর জন্য শেষ সম্বল একটি গরুও বিক্রি করেছি। কিন্তু এখন আমার সব স্বপ্ন শেষ হইয়া গেল।’
খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আইরীন, ভেটেরিনারি সার্জন মনিরুজ্জামান ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবদুস সবুর বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। এ ছাড়া ওই নারীকে একটি বিধবা ভাতা কার্ড করে দেওয়া হবে।’ মনিরুজ্জামান জানান, মৃত হাঁসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’