বিষ দিয়ে কয়েক শ পাখি হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদের রূহিতার চরে বিষটোপ দিয়ে গতকাল বুধবার কয়েক শ অতিথি পাখি হত্যা করা হয়েছে।মাচায় শুকাতে দেওয়া মাছ খেয়ে ফেলে বলে আ. মালেক ফকির নামের এক স্থানীয় ব্যবসায়ী এভাবে পাখি হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে একই গ্রামের শুঁটকি ব্যবসায়ী মালেক ও তাঁর ছেলেরা জেলেদের কাছ থেকে ছোট ছোট মাছ সংগ্রহ করে কীটনাশক মিশিয়ে পশ্চিম রূহিতার সৃজিত বনের খালপাড়ে ও বলেশ্বর নদের চরে ছড়িয়ে দেয়। সকাল সাড়ে আটটার দিকে কয়েক শ বালিহাঁস, বক, চেগা ও পানকৌড়ি এসব মাছ খায়। পাঁচ-সাত মিনিটের মধ্যে পাখিগুলো ছটফট করে চরে লুটিয়ে পড়ে। বেশ কিছু পাখি উড়ে পার্শ্ববর্তী বাড়িঘরের জঙ্গলে ও বাঁশঝাড়ে গিয়ে পড়ে।রূহিতা গ্রামের বাসিন্দা জাকির হোসেন মুন্সি দাবি করেন, অন্তত এক হাজার পাখি মারা পড়েছে। গ্রামের অধিকাংশ বাড়িতে গতকাল এসব পাখির মাংস রান্না করা হয়েছে।গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, বলেশ্বর নদের তীরে পশ্চিম রূহিতা গ্রামের পাশেই বন বিভাগের সৃজিত বন রয়েছে। ওই বনের প্রায় ৫০ গজ দূরে মাছের শুঁটকি করার অন্তত আটটি মাচা রয়েছে। এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী সেখানে মাছের শুঁটকি দিচ্ছেন। এ ছাড়া নদের চরে বালিহাঁস, বক ও পানকৌড়ি প্রভৃতি পাখির অসংখ্য পালক পড়ে থাকতে দেখা যায়। রূহিতা গ্রামের কয়েকটি বাড়ির বাঁশঝাড়ে মরা বক ঝুলে থাকতে দেখা যায়।রূহিতা গ্রামের শুঁটকি ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, এসব পাখি তেমন ক্ষতি করে না। এর পরও শুঁটকির পাইকার মালেক পাখি নিধন করেছেন।দুপুরে শুঁটকি ব্যবসায়ী মালেকের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, সাংবাদিক আসছেন শুনে বাড়ির লোকজন সরে পড়ে।পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আ. লতিফ বলেন, সৃজিত বনের পাশে শুঁটকিপল্লি করার কোনো বিধান নেই। আর অতিথি পাখি শিকার করা আইনত দণ্ডনীয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, পাখি হত্যায় সাধারণত ইঁদুর নিধনের বিষ ব্যবহার করা হয়। এভাবে হত্যা করা পাখির মাংস খেয়ে মানুষের পেটের পীড়া দেখা দিতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহবার হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, পাখি হত্যার বিষয়টি তাঁর জানা নেই। শিগগিরই খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।