প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা গ্রামে বিষ প্রয়োগ করে একটি পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে। আবুল হোসেন নামের এক ব্যক্তি গত বছর পুকুরটি ভাড়া নিয়ে মাছ চাষ করেছিলেন। গত রোববার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে মাছ মরে ভেসে ওঠে। আবুল হোসেন বলেন, ‘ধার-কর্জ করে পুকুরটি ভাড়া নিয়ে মাছের চাষ করেছিলাম। পুকুরে তেলাপিয়া, পাঙাশ, রুই ও কাতলা মাছের পোনা ছাড়া হয়েছিল।’ তাঁর দাবি, বিষ প্রয়োগের কারণে প্রায় ৪৫ মণ মাছ মরে গেছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সকালে রাখালেরা গরু নিয়ে পাহাড়ের দিকে যাওয়ার সময় পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে। সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বরকতুল আলম বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি তাঁকে কেউ জানায়নি।