বিষ প্রয়োগে দেড় হাজার হাঁস নিধনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুতার জের ধরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরকিনার আলগী গ্রামের হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তির দেড় হাজার হাঁস বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাঁসের মালিক গতকাল বুধবার এ ব্যাপারে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা যায়, চরকিনার আলগী গ্রামের হাফিজ উদ্দিনের বাড়ির পাশে তাঁর হাসের খামার রয়েছে। প্রতিদিন তিনি বাড়ির পাশের একটি বিলে হাঁস চড়াতেন। বিলে হাঁস চাড়ানো নিয়ে প্রতিবেশী খাইরুল ইসলামের অভিযোগ ছিল, হাফিজ উদ্দিনের হাঁস বিলের পাশের তাঁর ধানখেতের ক্ষতি করছে। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল, মাঝেমধ্যে বাগ্বিতণ্ডাও হতো। হাফিজ উদ্দিন গত মঙ্গলবার বিলে হাঁস চড়ানো শেষে বাড়ি নিয়ে আসার পথে তিনটি হাস মারা যায়। বাড়ি ফেরার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত দেড় হাজার হাঁস মারা যায়।
খামারি হাফিজ উদ্দিন অভিযোগ করেন, খাইরুল দীর্ঘদিন ধরে তাঁর খামারে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। এ অবস্থায় খাইরুল গত মঙ্গলবার সকালে কোনো একসময় বিলের খেতের পানিতে বিষ দিয়ে রাখেন। খাইরুলের দেওয়া বিষেই তাঁর দেড় হাজার হাঁস মারা গেছে।
গতকাল বুধবার বিকেলে খাইরুলকে বাড়িতে পাওয়া যায়নি। তিনি মুঠোফোন ব্যবহার না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গতকাল বুধবার দুপুরে হাফিজ উদ্দিন বাদী হয়ে খায়রুল ও আবদুল কাদির নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ করেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’