বিষ প্রয়োগে শিশু হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিষ খাইয়ে তিন বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর চাচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার ছেপড়াঝার গ্রামে এ ঘটনা ঘটেছে।
থানা-পুলিশ ও পরিবার জানায়, ছেপড়াঝার গ্রামের পশির উদ্দীনের তিন বছর বয়সী ছেলে নাহিদ ওই দিন সকালে বাড়ির পাশে চাচাতো ভাই পারভেজের (৭) সঙ্গে খেলতে যায়। কিছুক্ষণ পরে সে বাড়ি ফিরে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। এ সময় তার মা দৌড়ে এসে তাকে ধরে দেখতে পায় নাহিদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। নাহিদকে তার মা প্রতিবেশী এক ব্যক্তির কাছে নিয়ে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করার চেষ্টা চালান। এতে নাহিদের অবস্থার পরিবর্তন না হলে প্রতিবেশীদের পরামর্শে তাকে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যাওয়া হয়৷ এ সময় কর্তব্যরত চিকিৎসক নাহিদের অবস্থা আশঙ্কাজনক ভেবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছার পরপরই নাহিদ মারা যায়৷
সন্ধ্যায় নাহিদের লাশ বাসায় নিয়ে এলে প্রতিবেশীরা অভিযোগ করেন, পারভেজের মা পারভীন আকতার (২৮) পরিকল্পিতভাবে নাহিদের মুখে বিষ দিয়ে তাকে হত্যা করেছে। এ খবর পেয়ে আটোয়ারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভীনকে আটক করে ও নাহিদের লাশ থানায় নিয়ে আসে৷ গতকাল বুধবার সকালে পুলিশ পারভীনকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ময়নাতদন্তের জন্য লাশটি পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায়।
থানার পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। প্রতিবেশীদের অভিযোগে পারভীনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য পাওয়া যাবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে৷