বিষ মাখানো ছাগল খেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষ মাখানো মরা ছাগলের মাংস খেয়ে গত বুধবার দিবাগত রাতে রাজশাহীর বাঘা উপজেলার আরিফপুর গ্রামে একটি বনবিড়াল ও তিনটি শিয়াল মারা গেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফপুর গ্রামের কৃষক রজব আলীর কয়েকটি ছাগলের বাচ্চা শিয়ালে ধরে নিয়ে গেছে। গত বুধবার শিয়ালের হামলায় আহত একটি বাচ্চা মারা যায়। ক্রুদ্ধ রজব আলী শিয়াল মারার জন্য মরা ছাগলের গায়ে বিষ মাখিয়ে মাঠে ফেলে দিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার সকালে মরা ছাগলটির হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। অদূরে দেখা যায়, তিনটি শিয়াল মরে পড়ে আছে। মাঠের অপর প্রান্তে বনবিড়ালটিও মরে পড়েছিল।নওটিকা-আরিফপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুজ্জামান বলেন, প্রথমে এলাকার লোকজন বনবিড়ালটিকে চিতাবাঘ ভেবেছিল। এ জন্য তারা মরা বিড়ালটি বিদ্যালয় মাঠে নিয়ে আসে। খবর পেয়ে বাঘা থানার পুলিশ এসে বিড়ালটি নিয়ে যায়। প্রধান শিক্ষক জানান, ওই কৃষক নিজের ছাগল রক্ষার চেষ্টা না করে উল্টো বন্য প্রাণী মেরেছেন। এটা ঠিক নয়। তবে তাঁরও তো ক্ষতি হয়েছে। তিনি জানান, মাঠে আরও একটি বনবিড়াল আছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। কেউ যেন এটাকে না মারে, এ জন্য তিনি সবাইকে সাবধান করে দিয়েছেন।বাঘা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘এটা আসলে বনবিড়াল। দেখতে বাঘেরই মতো। এ জন্য মানুষ বাঘ মনে করেছে। বন্য প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।’ তিনি আরও বলেন, এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই। মৃত প্রাণীটি পুঁতে রাখা হবে।