বিষ মিশিয়ে খুন: দুই আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুল ইসলাম মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে বিষ খাইয়ে হত্যার মামলায় দুই আসামির দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন: কালাম খান (৪০) ও মো. সেলিম (৫০)। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্প থানার উপপরিদর্শক মারগুব তৌহিদ এই দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৫ জানুয়ারি তেজগাঁও শিল্প এলাকার মধ্য কুনিপাড়ায় কামরুলকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে আসেন কালাম খান ও মো. সেলিম নামের দুই ব্যক্তি। কামরুলের সঙ্গে এই দুই ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। কামরুল টাকা দিতে না চাইলে তাঁরা মারধর করেন। পরে কামরুলের কাছ থেকে জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এরপর পরিকল্পিতভাবে বিষ মেশানো পানীয় খাইয়ে কামরুলকে হত্যা করে।