বিষ মেশানো খাবার দিয়ে তিনজন হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামে একই পরিবারের তিনজনকে বিষমিশ্রিত খাবার খাইয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার পিরোজপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল কালাম ওরফে কালু। তাঁর বাড়ি স্বরূপকাঠি উপজেলার ভরতকাঠি গ্রামে। তাঁকে সোমবার রাতে পিরোজপুর সদরে শামছুরহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিরোজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজাহার জানান, গত বছর ২১ মার্চ মোরেলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামের আবদুল হক, তাঁর স্ত্রী রাবেয়া বেগম ও মেয়ে আসমা আক্তারকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের জামাতা লুৎফর রহমান মোরেলগঞ্জ থানায় মামলা করেন। গত বছর ২৫ মে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।গত মঙ্গলবার সিআইডির যশোর কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আ. কাইয়ুম শিকদার জানান, আবুল কালাম নিহত আবদুল হকের বাড়ি থেকে বিভিন্ন মালামালের সঙ্গে মুঠোফোনের একটি সেট চুরি করে নিয়ে আসে। ঢাকা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত বছর ২৪ এপ্রিল এক ব্যক্তির কাছ থেকে মুঠোফোনের ওই সেটটি উদ্ধার করে এবং তাঁকে আটক করে। কারাগারে আটক ওই ব্যক্তি জানায়, তিনি মুঠোফোনটি আবুল কালামের কাছ থেকে কিনেছেন। সেই সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।