বিষ মেশানো জুস খেয়ে একই পরিবারের সাতজন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাকেট করা ফলের রস (জুস) পান করে মা-শিশুসহ একই পরিবারের সাতজন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুর অবস্থা গুরুতর। জুসে বিষ মেশানো থাকায় তারা অসুস্থ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।গত মঙ্গলবার কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পশ্চিম চাকমারকুল গ্রামের স্কুলশিক্ষক হুমায়ন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই বাড়ির কর্মচারী রফিক (২৫) ও স্থানীয় কলিম উল্লাহকে (৩২) গ্রেপ্তার করেছে।বিষক্রিয়ায় আক্রান্তরা হলো: হুমায়ন কবিরের ছেলে সাবিত (৪), মা রাবেয়া খাতুন (৬৫), ভাইয়ের বউ খালেদা বেগম (৩৫), ছমুদা খাতুন (৪০), ছমুদা খাতুনের ছেলে আরাফাত (৮), ভাইজি হাসিনা আকতার (২৫) ও ভাইয়ের ছেলে সাহাব মিয়া (১০)। এদের মধ্যে সাবিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গৃহকর্তা ও পশ্চিম চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার সকালে তাঁর পোলট্রি খামারের কর্মচারী রফিক একটি জুস তাঁর বাড়িতে নিয়ে যান। ওই জুস পান করে তাঁর বাড়ির সাতজন সদস্য অসুস্থ হয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, স্থানীয় মোকতার আহম্মদের ছেলে কলিম উল্লাহ তাঁর মুরগির খামারের কর্মচারী রফিককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে পরিবারের সবাইকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটান।হুমায়ুন কবিরের স্ত্রী ইসমত জেসমিন জানান, তিনিও খাওয়ার জন্য একটি গ্লাসে জুস নেন। কিন্তু ওই জুস কেড়ে নিয়ে তাঁর ছেলে সাবিত খেয়ে ফেলে।কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, পরীক্ষা করে দেখা গেছে, ওই জুসে বিষ মেশানো ছিল। রামু থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রফিক ও কলিম উল্লাহকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক বিষ মেশানোর কথা স্বীকার করেছেন। তাঁর ভাষ্যমতে, কলিম উল্লাহ টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে দিয়ে এ ঘটনা ঘটান।