বিষক্রিয়ায় আক্রান্ত শিশুকন্যার মৃত্যু মা ও শিশুপুত্র হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষপান করে গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মা ও তাঁর দুই শিশুসন্তান। শনিবার দুপুরে সাড়ে তিন বছরের মেয়ে জিদনির মৃত্যু হয়।মা মমতাজ পারভিন মুক্তার (২৮) অভিযোগ, তাঁর খাবারে বিষপ্রয়োগ করেছে শ্বশুরবাড়ির লোকজন। অপরদিকে শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছে। শাশুড়ির দাবি, বিষপান করে সন্তানসহ আত্মহত্যা করতে চেয়েছিলেন মমতাজ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডে মমতাজ ও তাঁর শিশুপুত্র সিয়াম (৬) ১০৮ নম্বর (শিশু ওয়ার্ড) ওয়ার্ডে ভর্তি রয়েছে। মমতাজের স্বামী মালয়েশিয়া প্রবাসী সাদেক হোসেন গত শুক্রবার দেশে ফিরেছেন।মমতাজের স্বামী তিন বছর থেকে প্রবাসী। দুই বাচ্চা নিয়ে মমতাজ শ্বশুরবাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুরা গ্রামে থাকতেন। তবে তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির কেউ থাকত না। মমতাজের ঘরের পাশেই তাঁর চাচাশ্বশুরসহ স্বামীপক্ষের অন্য আত্মীয়রা থাকেন। মমতাজের শাশুড়ি আছিয়া বেগম মেয়ের সঙ্গে থাকেন।মমতাজের চাচাশ্বশুর শাহাদাত হোসেন জানান, বুধবার রাতের খাবার খেয়ে দুই সন্তান নিয়ে ঘুমাতে যান মমতাজ। বৃহস্পতিবার সকালে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন তাঁরা। এরপর প্রথমে তাঁদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার মেয়ে জিদনির মৃত্যু হয়।চিকিৎসাধীন মমতাজ এ বিষয়ে বলেন, গত বুধবার রাতে খাওয়া শেষে গুঁড়োদুধ পান করে তাঁরা তিনজনই ঘুমিয়ে পড়েন। এরপর থেকেই তাঁদের এই অবস্থা। তিনি নিজে থেকে বিষপান করেননি।মমতাজের অভিযোগ, পরকীয়া প্রেমের অভিযোগ তুলে শাশুড়ি, ননদ, ননদের স্বামী প্রায়ই তাঁর ওপর নির্যাতন চালাতেন। এমনকি স্বামীও ফোনে তাঁর সঙ্গে ঝগড়া করতেন। এসব কারণেই তাঁরা তাঁকে সন্তানসহ হত্যার চেষ্টা করেছেন।অপরদিকে হাসপাতালে মমতাজের শাশুড়ি আছিয়া বেগম বলেন, ইঁদুর মারার বিষ মেশানো শরবত পান করে আত্মহত্যা করতে চেয়েছিলেন মমতাজ।