বিষক্রিয়ায় একজনের মৃত্যু, তিনজন অসুস্থ
ভোলা সদর উপজেলায় বিষক্রিয়ায় এক ব্যক্তি মারা গেছেন। তাঁর তিন স্বজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার রাতে খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে বলে পরিবারের ভাষ্য।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. সিদ্দিক (৭০)। তাঁর স্ত্রী আমিরুন নেসা (৬০) এবং নাতনি নিপা (১৩) ও সুমাইয়া (১০) এখন চিকিৎসাধীন।
পরিবার ও পুলিশ জানায়, শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের শরিফ সরদারবাড়ির ওই চার সদস্য গতকাল রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিদ্দিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। উন্নত চিকিৎসার জন্য আমিরুন নেসাকে বরিশালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভোলা সদর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অজ্ঞাত বিষক্রিয়ায় সিদ্দিক মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বাকিরাও একই কারণে অসুস্থ।
সিদ্দিকের ভাই ফরিদ উদ্দিন বলেন, খাবারের সঙ্গে কেউ বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই খাবার খেয়েই সিদ্দিকসহ অন্যরা আক্রান্ত হয়েছেন।
ফরিদের ভাষ্য, ঘটনার পরে খাবারের আশপাশে সাদা গুঁড়া জাতীয় পদার্থ পড়ে থাকতে দেখা গেছে। কে বা কারা এই কাজ করেছে, সে বিষয়ে তাঁরা কোনো ধারণা করতে পারছেন না।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, শত্রুতা থেকে, নাকি অজ্ঞান পার্টির কেউ এই কাজ করেছে, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।