বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরের নির্মাণাধীন একটি কারখানার সেপটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত তিন শ্রমিক হলেন মো. শাহ আলম (৩০), মো. রেজাউল (৩৫) ও মো. আরিফ (২৮)। শাহ আলমের বাড়ি বাগেরহাটের মংলায়, রেজাউলের রংপুরের মিঠাপুকুর ও আরিফের জামালপুরের হাজীপাড়ায়।
ইপিজেড থানাধীন কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) অবস্থিত এসওএস আউট ফিড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটির সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের কাজ ঈদুল আজহার আগে শেষ হয়। ট্যাংকটির দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ৮ ফুট। আর গভীরতা ৮ ফুট।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাহমুদ বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ট্যাংকটির ছাদের বাঁশ খোলার জন্য প্রথমে শাহ আলম ট্যাংকের ভেতরে নামেন। তিনি দীর্ঘক্ষণেও না ওঠায় রেজাউল ও আরিফও ট্যাংকে নামেন। পরে তাঁদের কারও সাড়াশব্দ না পেয়ে অন্য শ্রমিকেরা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে অন্য শ্রমিকদের সহায়তায় তিনজনের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, ট্যাংকটিতে কোনো বর্জ্য বা পানি ছিল না। চারদিকে বন্ধ থাকার কারণে ভেতরে কার্বন ডাই-অক্সাইড কিংবা অন্য কোনো গ্যাস জমে থাকতে পারে। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
কয়েকজন শ্রমিক বলেন, ট্যাংকটির তিনটি মুখ রয়েছে। একটি মুখ দিয়ে একে একে তিন শ্রমিক নামেন। তাঁদের সাড়াশব্দ না পেয়ে অন্য শ্রমিকেরা ট্যাংকটির অপর দুটি মুখ খুলে নাকেমুখে গামছা বেঁধে ভেতরে ঢুকে দেখেন, তিনজনই অচেতন অবস্থায় পড়ে আছেন।