বিষখালী নদীর মোহনা ইটভাটার দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বিষখালী নদীর মোহনায় পাশাপাশি দুটি ইটভাটা স্থাপন করে ভাটার মালিকেরা কৌশলে চরের জমি দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা-সংকট দেখা দিয়েছে। নদীর মোহনায় চরের বিশাল আয়তনের জমি দখল করে উঁচু করে ফেলায় জোয়ার-ভাটার পানি প্রবাহে বিঘ্ন ঘটছে। স্থানীয়দের আশঙ্কা, অচিরেই এই দখল-প্রক্রিয়া রোধ করে নদীর গতিপথ স্বাভাবিক করা না হলে বরগুনার খাকদোন নদ ও বঙ্গোপসাগর হয়ে দেশের অভ্যন্তরে চলাচলকারী মালবাহী যান, ফেরি ও যাত্রীবাহী নৌযান চলাচল হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নদীর মধ্যে কারও জমি থাকলেও নদীর গতিপথ বন্ধ করার এখতিয়ার কারও নেই। কারণ এটা জনসম্পত্তি। এটা দখল করা বা প্রাকৃতিক উৎসের গতিপথ বাধাগ্রস্ত করা আইনত দণ্ডণীয়। এ ধরনের কিছু হলে অবশ্যই সেটা আমরা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেব।’ গত শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, পাথরঘাটা-বরগুনা নৌপথের পাথরঘাটা উপজেলার বাইনচটকি ফেরিঘাটের পূর্ব পাশে প্রায় ৫০ একর আয়তনের চরজুড়ে মেসার্স ‘স্টোন ব্রিকস’ ও ‘আরএসবি ব্রিকস-২’ নামে পাশাপাশি দুটি ইটভাটা গড়ে উঠেছে। এর মধ্যে ‘আরএসবি’ নামের ভাটাটি যৌথভাবে পরিচালনা করছেন আবদুর রাজ্জাক ও মনির হোসেন নামে দুই ব্যক্তি। অপর ভাটাটির মালিক আবদুর রাজ্জাকের বড় ভাই আবুল বাশার। ভাটা দুটির মালিকেরা কৌশলে মাটিকাটার যন্ত্র দিয়ে মাটির বাঁধ তৈরি করে তার মধ্যে ভাঙাচুরা ইট ফেলে নদীর চর ভরাট করে তাঁদের ভাটার আয়তন বাড়াচ্ছেন।শনিবার সকালে গিয়ে দেখা যায়, আয়তন বাড়াতে সাত-আটজন শ্রমিক ট্রাকে করে আনা ভাঙাচোরা ইটের টুকরা চরে ফেলছেন। এতে বিষখালী নদীর মোহনার ওই স্থানে নদী সংকুচিত হয়ে যাচ্ছে। নদীর মোহনার এই এলাকা দিয়ে বরগুনা শহরের প্রবেশদ্বার খাকদোন চ্যানেল এবং বঙ্গোপসাগরের সঙ্গে দেশের অভ্যন্তরের যোগাযোগের একমাত্র পথ। পরিচয় গোপন রাখার শর্তে ওই এলাকার কয়েক ব্যক্তি জানান, গত শুক্রবার বিকেলে দুটি ইটভাটার সামনের অংশে কার্গো নোঙর করার জন্য মাটিকাটার যন্ত্র দিয়ে চরের মাটি কেটে প্রায় ৩০ ফুট দীর্ঘ রাস্তা নির্মাণ করা হয়। প্রতিবছরই এ মৌসুমে এ রকম মাটি কেটে চরের মধ্যে রাস্তা নির্মাণ করে পরে চরের জমি ভরাট করে নিচ্ছেন ভাটার মালিকেরা।স্থানীয় কয়েকজন জেলে জানান, চার-পাঁচ বছর আগেও বিষখালী নদীর মোহনায় ১২০-১৩০ হাত পানি ছিল। এখন তা কমে ৩৫-৪০ হাতে ঠেকেছে। চরের জমি ভরাট করে নদীর মোহনা দখল করায় বঙ্গোপসাগর থেকে উঠে আসা জোয়ারের পানি এখানে এসে বাধাগ্রস্ত হয়। আবার ভাটায় নেমে যাওয়ার সময়ও বাধাগ্রস্ত হয়। ফলে পলি জমে মোহনার গভীরতা কমে যাচ্ছে। এর প্রভাবে আশপাশে কয়েকটি ডুবোচর জেগে উঠেছে। ভাটার সময় এই এলাকা দিয়ে নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। সে সময় বড় নৌযানগুলোকে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়।বরগুনা-বাইনচটকি ফেরির চালক আবদুল জলিল জানান, মোহনায় চর পড়ে যাওয়ায় ভাটার সময় প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে ফেরি চলাচল করতে হচ্ছে।চরের মধ্যে রাস্তা নির্মাণ ও জমি দখল প্রসঙ্গে ‘আরএসবি ব্রিকস’-এর অংশীদার মনির হোসেন বলেন, ‘নদীর মধ্যেও আমাদের রেকর্ডিও জমি আছে। আমরা এই জমি কিনে নিয়েছি। আমাদের বৈধ কাগজপত্র আছে।’ অপর অংশীদার আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা নদী ভরাট করিনি। জমি কিনে তারপর ইটভাটা করেছি। কয়েক দিন আগে কয়লার জাহাজ নোঙর করানোর জন্য মাটি কেটে সমান করেছি।’ ‘স্টোন ব্রিকস’-এর মালিক আবুল বাশারও নদী ভরাট করার কথা অস্বীকার করে বলেন, ‘যতটুকু দখল করে আছি, ততটুকুর বৈধ মালিক আমরা।’ পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সুকুমার বিশ্বাস বলেন, ‘নদী ভরাট করে ইটভাটা করার বিধান নেই। এটা আমরা করতে দেব না। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ বরগুনার জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেন, ‘আমি বরগুনায় নতুন যোগদান করেছি। তাই এই অভিযোগ সম্পর্কে আমার জানা নেই। বিষয়টির খোঁজ নেব এবং সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।’