বিষটোপ দিয়ে ধরা হচ্ছে অতিথি পাখি
পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার চরাঞ্চলে বিষটোপ দিয়ে অবাধে অতিথি পাখি ধরা হচ্ছে। একশ্রেণীর অসাধু শিকারি রাতে পাখির বিচরণস্থলে বিষ মেশানো খাদ্য ছিটিয়ে রেখে কাছাকাছি জঙ্গলে লুকিয়ে থাকে। বিষাক্ত খাদ্য খেয়ে পাখিগুলো অসুস্থ হয়ে ঢলে পড়লে সেগুলো ধরে কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।গলাচিপা উপজেলার চরআগুনমুখা, চরকারফারমা, পক্ষিয়া, দক্ষিণ পক্ষিয়া ও পশ্চিম পক্ষিয়া এবং রাঙ্গাবালী উপজেলার চরলতা, চরগঙ্গা, চরহালিম, চরকাশেম, চরতাপসী ও চরহেয়ার এলাকা ঘুরে গত এক সপ্তাহে এলাকাবাসী ও রাখালদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।এলাকাবাসীর অভিযোগ, বিষটোপ দিয়ে পাখি শিকারের বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানা থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।চরলতা এলাকার মাসুদ মিয়া জানান, ওই এলাকায় সংঘবদ্ধ চারটি শিকারির দল রয়েছে। তারা প্রতি রাতে বিষটোপ দিয়ে পাখি শিকার করে। কোনো কোনো রাতে চরলতা এলাকায় ৬০০ থেকে ৭০০ পাখি মারা পড়ে। তিনি জানান, সাইবেরিয়ান লালহাঁস, বালিহাঁসসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি শিকারিদের হাতে ধরা পড়ছে। গলাচিপার পক্ষিয়া এলাকার আবদুল বারেক মৃধা জানান, বন বিভাগের পক্ষিয়া ক্যাম্প কার্যালয়ের ৫০০ গজ দূরে দক্ষিণ পক্ষিয়া চরে প্রতি রাতে বিষটোপ দিয়ে পাখি শিকার করা হয়। যেসব পাখি ঘটনাস্থলেই মারা যায়, সেগুলো চরের জঙ্গলে ফেলে দেয় শিকারিরা। মুমূর্ষু পাখিগুলো ধরার সঙ্গে সঙ্গে জবাই করা হয়। আর যেগুলো একটু সুস্থ থাকে, সেগুলো জীবিত বিক্রি করার জন্য রাখা হয়।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হোসেন বলেন, ‘বিষাক্ত খাদ্য দিয়ে শিকার করা পাখির মাংস খাওয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে বিভিন্ন ধরনের অ্যালার্জি, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা; এমনকি ক্যানসারের মতো রোগ দেখা দিতে পারে।’গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ‘অতিথি পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। খোঁজ নিয়ে আমরা পাখিশিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’বন বিভাগের পক্ষিয়া ক্যাম্প কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ‘পক্ষিয়ায় কিছুসংখ্যক অসাধু লোক বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার করছে বলে জেনেছি। আমরা মৃত পাখিও উদ্ধার করেছি। যারা এসব পাখি মারছে, তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তবে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জের কর্মকর্তা মকবুল হোসেনের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।