বিষটোপে প্রাণ গেল শতাধিক পাখির
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের নাগুয়া-ধলিয়া বিলে ‘বিষটোপ’ দিয়ে ‘লেঞ্জা’ ও ‘সরালি’ জাতের শতাধিক পাখি নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চটের বস্তা ও মাছের ঝুড়িতে ভরে মৃত পাখিগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তিন শিকারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার সদর রেঞ্জ কার্যালয়ের বন কর্মকর্তা গাজী মোস্তফা কামাল বাদী হয়ে গতকাল বুধবার রাত নয়টার দিকে জুড়ী থানায় একটি মামলা করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন, ছাবুল মিয়া, বাচ্চু মিয়া ও জাকির আহমদ। তাঁদের বাড়ি কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর গ্রামের কয়েকজন কৃষক গতকাল ভোরে বোরো ধানের খেতে কাজ করতে হাকালুকি হাওরে যাচ্ছিলেন। এ সময় তিন ব্যক্তি দুটি চটের বস্তা ও একটি মাছের ঝুড়িতে মৃত পাখি বোঝাই করে নাগুয়া-ধলিয়া বিল থেকে ফিরছিলেন। পরে গ্রামবাসীর সহায়তায় তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, বস্তা ও ঝুড়িতে ১০৭টি মৃত পাখি পাওয়া গেছে। সেগুলো লেঞ্জা ও সরালি জাতের বলে স্থানীয় লোকজন শনাক্ত করেছেন। এদের প্রতিটির ওজন প্রায় এক কেজি।জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘বিষটোপ’ দিয়ে পাখিগুলোকে হত্যা করা হয়েছে। বিষের ধরন জানতে দুটি মৃত পাখি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বাকিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি হাওরের বড়লেখা উপজেলায় অবস্থিত ফোয়ালা বিলে বিষটোপ দিয়ে পাখি হত্যার ঘটনা ঘটে।