বিষণ্নতা ও হতাশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের গণহত্যায় অংশ নেওয়া পাকিস্তানি সেনাবাহিনীর অনেকেই লিখেছেন স্মৃতিকথা। তাঁদের প্রায় সবাই সাফাই গেয়েছেন নিজেদের পক্ষে। এরপরও কারও কারও লেখা বাস্তবতাকে চাপা দিতে পারেনি। পাকিস্তানি ব্রিগেডিয়ার এ আর সিদ্দিকীর ইস্ট পাকিস্তান দ্য এন্ডগেম তেমন একটি উদাহরণ
এ আর সিদ্দিকী
এ আর সিদ্দিকী

২৩ মার্চ, ঠিক আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দিবস পালিত হওয়ার দিন আওয়ামী লীগ ‘প্রতিরোধ দিবস’ পালনের ডাক দেয়। ওদিকে ‘ঘুমন্ত বাঘ’ ভাসানী তাঁর সন্তোষের ডেরা থেকে সেদিনটি ‘স্বাধীনতা দিবস’ ঘোষণা করেন। সাধারণভাবেই সেদিন জনবিস্ফোরণ হবে বলে ধারণা করা হচ্ছিল। ২৩ মার্চ শুরু হলো অলক্ষুনে অভিজ্ঞতা দিয়ে। যত দূর দৃষ্টি যায়, বাড়ির ছাদে ছাদে কালো পতাকা। পাশাপাশি নতুন তৈরি হওয়া বাংলাদেশের পতাকাও উড়ছিল। পাকিস্তানের পতাকা দেখা গেল শুধু সেনানিবাসের ফ্ল্যাগস্টাফ হাউস, দ্বিতীয় রাজধানীর এমএলএ সদর দপ্তর ও রাষ্ট্রপতি ভবনে। আর দেখা গেল মোহাম্মদপুর ও মিরপুরের বিহারি-অধ্যুষিত অঞ্চলের বাড়ির ছাদে। সরকারি ভবনেও জাতীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা উড়ছিল।
সব প্রধান ইংরেজি ও বাংলা দৈনিক বিশেষ ক্রোড়পত্র বের করে তাতে শেখ মুজিবুর রহমানকে মহান জাতীয়তাবাদী নেতা হিসেবে চিত্রিত করে। বাংলাদেশের দৃষ্টিনন্দন পতাকার পাশে পাকিস্তানি পতাকাকে দেখাচ্ছিল ম্লান। মিছিল-সমাবেশে নতুন পতাকার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছিল। মুজিবের বাড়ি যেন সেদিন তীর্থস্থানে পরিণত হলো। হাজার হাজার মানুষ মহান নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে হাজির হচ্ছিল। স্টেডিয়ামের বাইরে সাবেক কর্নেল এম এ জি ওসমানী অবসরে যাওয়া বাঙালি সৈনিকদের নিয়ে এক সমাবেশ আয়োজন করেন। হাজার হাজার তরুণ দূরদূরান্ত থেকে ট্রাকে চেপে এসে মিছিল-সমাবেশে যোগ দেয়। সবখানেই ‘জয় বাংলা’ ও ‘শেখ মুজিব জিন্দাবাদ’ স্লোগান শোনা যাচ্ছিল। শহরে সর্বাত্মক অবরোধ চলছিল। একটি দোকানও সেদিন খোলেনি। শুধু বিমানবন্দর সড়ক ধরে যাত্রীবোঝাই লরি চলছিল। সেগুলোই ছিল উপশহরের সঙ্গে শহরের যোগাযোগের উপায়।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছুক্ষণের জন্য ঢুঁ মেরে আমি মেসে ফিরে এলাম। আমার মনে গভীর এক বিষণ্নতা ও হতাশা জেঁকে বসেছে। আমি রোয়েদাদ খানের ঘরে গেলাম। জেনারেল পীরজাদা তাঁর লেখার খসড়া ‘একটি কমাও পরিবর্তন না করে’ অনুমোদন করেছেন। এতে তিনি বেশ খুশি। আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। উভয়েই একমত হলাম যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রোয়েদাদ বললেন, কঠোর সামরিক পদক্ষেপ নিতে হবে। তখন ফোন বেজে উঠল। জালাল ফোন ধরলেন। অপর প্রান্তে জেনারেল উমর। তিনি ফ্ল্যাগস্টাফ হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দুপুরে খাওয়ার জন্য রোয়েদাদকে আমন্ত্রণ জানালেন।

সন্ধ্যাবেলা আবার আমাদের দেখা হলো। আমরা দীর্ঘ পথ একত্রে হাঁটলাম। রোয়েদাদ নিজের ব্যাপারে খুবই খুশি ছিলেন। প্রেসিডেন্ট কীভাবে কোক ও স্কোয়াশের চেয়ে কড়া পানীয় পান করার জন্য তাঁকে প্ররোচিত করছিলেন, তা নিয়ে বললেন। প্রেসিডেন্ট নিজে পান করেন হুইস্কি, রোয়েদাদ বিয়ার।
তিনি প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন, ‘আপনি তো জানেনই প্রেসিডেন্ট কেমন। খুব দয়ালু আর অতিথিপরায়ণ।’ প্রেসিডেন্ট তাঁকে জিজ্ঞেস করলেন, সংবাদপত্র, রেডিও আর টেলিভিশন আমাদের নিয়ন্ত্রণে আছে কি না। পশ্চিম পাকিস্তানের কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন অবিলম্বে রেডিও ও টিভি স্টেশনের দায়িত্ব নিয়ে নেন। এদিকে ঢাকা টিভি ঘোষণা করে, তারা জাতীয় সংগীত বাজানো ও পতাকা প্রদর্শনের মাধ্যমে অধিবেশন শেষ করবে না। এটি ছিল চূড়ান্ত পদক্ষেপ। জাতীয় পতাকার প্রতি এমন খোলামেলা অশ্রদ্ধা প্রকাশে আমরা খুবই ক্ষিপ্ত হয়ে উঠি। গণমাধ্যমের দায়িত্ব বাঙালি কর্মীদের হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এরা সবাই ‘বিশ্বাসঘাতক’। উত্তপ্ত তর্ক-বিতর্কের পর টিভিকর্মীরা মধ্যরাতের পর জাতীয় পতাকা দেখাতে রাজি হলো। ফলে সম্প্রচার বাড়াতে হলো আরও দু-তিন মিনিট। আর তা শেষ হলো যথারীতি জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে। তবে ততক্ষণে আসলে ২৪ মার্চের প্রথম প্রহর শুরু হয়ে গেছে।

২৩ মার্চ ১৯৭১: ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে উৎফুল্ল জনতার মাঝে স্বাধীন বাংলার পতাকা তুলে ধরেন বঙ্গবন্ধু
২৩ মার্চ ১৯৭১: ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে উৎফুল্ল জনতার মাঝে স্বাধীন বাংলার পতাকা তুলে ধরেন বঙ্গবন্ধু

রোজকার মতো সকালে প্রেসিডেন্ট হাউসে গিয়ে কাঁটাতারের বেড়ার বাইরে একদল উচ্ছৃঙ্খল তরুণ আমাকে ঘিরে ধরল। তারা ইয়াহিয়া-বিরোধী স্লোগান দিচ্ছিল। আগের দিন মুজিবের বাড়ির সামনে যে জনতা দেখেছিলাম, এরা ঠিক তাদের মতো নয়। তারা ক্ষুব্ধ ছিল। আমি তারকা চিহ্নিত গাড়িতে ইউনিফর্ম পরা ছিলাম। তারা বাংলায় গালাগাল করছিল। কতগুলো শব্দ আমি পরিষ্কার শুনলাম, ‘পাঞ্জাবি, শালা পাঞ্জাবি’। এক তরুণ আমার জিপের কাছে চলে এসে সরাসরি আমার চোখের দিকে তাকাল। জীবনে কারও চোখে আমি এত ঘৃণা ও ক্রোধ দেখিনি। মনে হচ্ছিল, সে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে, গাড়ি থেকে টেনে নামাবে। ফটক না খোলা পর্যন্ত আমি জিপের আসনে চুপচাপ বসে রইলাম। যতটা সম্ভব সাহসী থাকার চেষ্টা করলাম।
২৪ মার্চ বিকেলে মেজবান কর্নেল নকির সঙ্গে আমি নির্জন গলফ কোর্সে দীর্ঘ সময় হাঁটলাম। চারদিক ভীষণ নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা যেন আমাদের নিপীড়ন করছিল। নকি বললেন, ‘মনে হয়, কিছু একটা হতে যাচ্ছে। সম্ভবত একটা সামরিক অভিযান শুরু হতে যাচ্ছে।’ তাঁর ভাষ্যমতে, আলোচনা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। তিনি কর্নেল এসডি আহমেদ ও ব্রিগেডিয়ার জিলানির কথা বললেন। তাঁদের নাকি বেশ খুশি খুশি দেখাচ্ছিল। তাঁরা দুজনই ছিলেন সামরিক বলপ্রয়োগের পক্ষপাতী। তাঁদের মনোভাব ‘বাঙালিদের পুরোপুরি শেষ’ করে ফেলা হোক। দু-এক দিন আগে দ্য পিপল পত্রিকা যথারীতি সেনাবাহিনী ও পশ্চিম পাকিস্তানবিরোধী প্রচারণার অংশ হিসেবে মানচিত্রসহ খবর ছাপাল যে সেনানিবাসের সিগন্যাল লাইনে ‘বধ্যভূমির’ অস্তিত্ব আছে। নিরীহ যেসব বাঙালি ঠিকাদার পাকিস্তানি সেনাদের রসদ সরবরাহ করেনি, তাদের নাকি নির্যাতন করে ওখানে ফেলে রাখা হয়েছে।
২৪ মার্চ দিনভর উত্তেজনা বিরাজ করেছে। সেনানিবাসকে মনে হয়েছে সশস্ত্র ঘাঁটির মতো। ২১ তারিখ ভুট্টো ও তাঁর দল পিপিপির লোকেরা আসার পর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। মনে হচ্ছিল, আমরা যেখানে এসে পৌঁছেছি, সেখান থেকে পরিস্থিতি উত্তরণের সম্ভাবনা আর নেই। তবে আলোচনা তখনো চলছিল। পিপিপির বাইরে অন্য কিছু রাজনৈতিক দলের নেতাও তখন ঢাকায়। তাঁদের মধ্যে নাম মনে আছে খান আবদুল ওয়ালি খান, মিয়া মমতাজ দৌলতানা, সরদার শওকত হায়াত খান, মাওলানা শাহ্ আহমেদ নুরানি, মাওলানা মুফতি মাহমুদ ও সরদার গাউস বক্স বিজেনজোরের। প্রেসিডেন্ট তখনো ঢাকায়। তাই আশা ছিল, সবকিছুর পরেও অলৌকিক কিছু ঘটেও যেতে পারে। কিন্তু উত্তেজনা বাড়ছিল। সেনানিবাসের ভেতরের ট্রানজিট ক্যাম্প ছিল কানায় কানায় ভর্তি। স্পষ্টতই পশ্চিম পাকিস্তান থেকে নতুন সৈন্য আনা হয়েছে।
২৩ মার্চ সরকারি ছুটি থাকায় ২৪ মার্চ কোনো সংবাদপত্র প্রকাশিত হয়নি। ২৫ মার্চের সংবাদপত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের একটি বিবৃতি বেরোয়। তিনি বলেছেন, ‘বল এখন প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গীদের কোর্টে।’ তাঁর দল ২৭ মার্চকে প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে। এসব ঘটনা মানুষকে উত্কণ্ঠিত করে রেখেছিল।
২৬ মার্চ আমি রাওয়ালপিন্ডি যাব। প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে নিয়মমতো পীরজাদা ও ইসহাকের কাছ থেকে বিদায় নিলাম।
সেনানিবাস থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত রাস্তাটা জনশূন্য। প্রেসিডেন্ট হাউসের সামনের কাঁটাতারের ভারী বেড়া। কড়া পাহারায় থাকা রাস্তাটাও অদ্ভুত নির্জন। স্লোগান দেওয়া জনতা বা অপেক্ষমাণ সাংবাদিকের ভিড়ও নেই, গত তিন দিন যা ছিল। ঢাকা এখন এক জনমানবশূন্য শহর।
হতাশা ও আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে প্রেসিডেন্ট হাউস থেকে বেরিয়ে এলাম। পীরজাদা অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাকে সময় দেওয়ায় আমি কৃতজ্ঞ বোধ করলাম। হতাশ হলাম রাজনৈতিক আলোচনার ব্যর্থতার খবর শুনে। তখনো আমি জানতাম না যে প্রেসিডেন্ট ‘গুলি করতে করতে’ নিজের রাস্তা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘরে ফেরার পর কর্নেল নকি বললেন, ‘মনে হচ্ছে, মধ্যরাতের (২৫ মার্চ) পরপরই অভিযান শুরু হবে।’
রাস্তাঘাট আসলেই ফাঁকা। হঠাৎ হঠাৎ কিছু পথচারী বা ধাবমান দু-একটি গাড়ি। রাস্তা একদম পরিষ্কার। নেই কোনো ব্যারিকেড, পিকেটিং বা কাটা গাছ। সেনানিবাসের প্রতিবন্ধকে আমাদের যথারীতি থামানো হলো। গাড়ি থেকে নামানো হলো কালো ও বাংলাদেশের পতাকা। রক্ষীদের বললাম, সঙ্গী বদরুদ্দীন আমাকে রেখে আবার শহরে ফিরে যাবেন। রক্ষীরা বদরুদ্দীন সম্পর্কে জানার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করল। আসন্ন অভিযানের আগে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদায় নেওয়ার সময় বদরুদ্দীন বললেন, প্রথমে তিনি নিজের দপ্তরে যাবেন। সেখানে তাঁর কিছু কাজ আছে।
রাত সাড়ে ১১টার দিকে আমি রকেট লঞ্চার ও ট্যাংকের গোলার আওয়াজ এবং স্বয়ংক্রিয় অস্ত্রের তীক্ষ্ণ ও ক্ষুদ্র গুলির শব্দে জেগে উঠি। অভিযান শুরু হয়ে গেছে। এইচ-আওয়ার ছিল রাত একটা। কিন্তু অভিযান শুরু হয়ে গেছে এক-দেড় ঘণ্টা আগেই। আক্রমণ হয়েছে সুনির্দিষ্ট জায়গাগুলোতে। মেশিনগানের বিস্ফোরণ, রকেট লঞ্চারের বজ্রনির্ঘোষ, ট্যাংকের গোলা, ছোট ছোট স্বয়ংক্রিয় অস্ত্র ও গুলির শব্দ। কান পাতাই দায় হয়ে উঠল।
বাসার সবাই তখনো জেগে। রাস্তার মুখোমুখি বড় জানালা। কিশোয়ার পর্দা সরিয়ে দিলে দেখলাম, চরাচর লাল অগ্নিশিখায় উদ্ভাসিত। ব্যাপারটা ছিল মারাত্মক আতঙ্কজনক। ঢাকা শহর জ্বলছে। কিশোয়ার খুবই নীরবে কোরআন পাঠ শুরু করল। শেষমেশ কয়েক দিনের সংশয় ও অনিশ্চয়তা পুরোদস্তুর বিভীষিকায় রূপ নিল। আগে কিছুটা জানা থাকলেও আমি একেবারে হতভম্ব হয়ে পড়লাম।
অনুবাদ: প্রতীক বর্ধন