বিষণ্নতা মোকাবিলায় সমাজকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের যে রোগ হতে পারে, এটা সমাজের অনেকে আজও বিশ্বাস করে না। বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিদের পৃথিবীটা বড় কষ্টের হয়। এদের অনেকেই আত্মহত্যা করে। শুধু মনোরোগ বিশেষজ্ঞ এদের সুস্থ করতে পারবে না। এই ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলায় সমাজকে এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে অনলাইন পোর্টাল মেনর খবর। এতে সহায়তা দেয় বেসরকারি সংস্থা ব্র্যাক।
গতকাল ৭ এপ্রিল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে। দিবসের এ বছরের প্রতিপাদ্য, ‘আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি’। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, অতিরিক্ত ইন্টারনেট, ফেসবুক ব্যবহারের কারণে শিশুরা সমাজ বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গতায় ভুগছে। এই নিঃসঙ্গতা বিষণ্নতার অন্যতম কারণ। চিকিৎসকের পক্ষে এই নিঃসঙ্গতা দূর করা সম্ভব নয়। মানুষকে সমাজে ফিরিয়ে আনার আন্দোলন করতে হবে।
পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সামনে জাদু প্রদর্শনীর অভিজ্ঞতা বর্ণনা করেন জাদুশিল্পী জুয়েল আইচ। তিনি বলেন, মন বলে যে বায়বীয় জিনিস আছে, তার যে কোনো রোগ হতে পারে, তা অনেকেই বিশ্বাস করে না। বিষণ্নতায় যারা ভোগে, তাদের পৃথিবীটা বড় কষ্টের।
মূল উপস্থাপনায় মনোরোগ বিশেষজ্ঞ তৌহিদুল ইসলাম বলেন, উন্নত বিশ্বে মানসিক স্বাস্থ্যে বরাদ্দ মোট স্বাস্থ্য বরাদ্দের ৫ শতাংশ। বাংলাদেশে এর পরিমাণ দশমিক ৫ শতাংশ। তিনি বলেন, বিষণ্নতা নিয়ে বেশি কথা বলা ও আলোচনা হওয়া দরকার। এতে রোগনির্ণয় ও চিকিৎসার পথ সুগম হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ঝুনু শামসুন্নাহার বলেন, গবেষণায় দেখা গেছে, বস্তির নারীদের মধ্যে বিষণ্নতা তুলনামূলকভাবে কম। সম্ভবত বস্তির মানুষ মনের কথা খুলে বলতে পারে এবং অর্থনৈতিক কিছু স্বাধীনতা আছে, তাই তাদের মধ্যে বিষণ্নতা কম।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত আলাদা অনুষ্ঠানে মূল উপস্থাপনায় মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, কেউ যদি বিষণ্নতায় ভোগে তা হলে তাকে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে। এতে আত্মহত্যার ঝুঁকি কমবে।