‘বিষণ্নতায়’ বাসা থেকে বেরিয়ে যান শিক্ষক, ৫ দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. হারুন অর রশিদ
ছবি: সংগৃহীত

নিখোঁজের পাঁচ দিন পরে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. হারুন অর রশিদকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে সবুজবাগ থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনাকালে দীর্ঘদিন ধরে বাসায় থাকায় হারুন অর রশিদ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

পুলিশ বলেছে, হারুন অর রশিদ গত সোমবার রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকা থেকে নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার তাঁর পরিবারের সদস্যরা সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হারুন অর রশিদ ওই দিন একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যান।

ওই সময় তাঁর চেহারায় বিষণ্নতার ছাপ ছিল। এ কয় দিন তিনি ঢাকার একটি হোটেলে ছিলেন। হারুন অর রশিদ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক।