বিষণ্নতায় ভুগছেন প্রবীণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামে বসবাসকারী প্রবীণদের একটি বড় অংশ বিষণ্নতায় ভুগছে। ছবি: প্রতীকী
গ্রামে বসবাসকারী প্রবীণদের একটি বড় অংশ বিষণ্নতায় ভুগছে। ছবি: প্রতীকী

রাজধানী ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা। এ উপজেলার বেশ কিছু প্রবীণের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হূদরোগ নেই। আপাতদৃষ্টে সুস্থ এই মানুষগুলোকে দেখে বোঝার উপায় নেই এঁরা বিষণ্নতায় ভুগছেন।

সম্প্রতি আমেরিকান জার্নাল অব সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোসায়েন্স একটি গবেষণাপত্র প্রকাশ করে। ওই গবেষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী প্রবীণদের একটি বড় অংশ বিষণ্নতায় ভুগছে।

গবেষণাটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সেন্টার ফর নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটি এবং অস্ট্রেলিয়ার ইউনিভারসিটি অব কুইন্সল্যান্ডের একদল গবেষক।

বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণাটিতে দেখা গেছে, ৫৯ শতাংশ প্রবীণ বিভিন্ন মাত্রার বিষণ্নতায় ভুগছেন। বিষণ্নতায় আক্রান্ত প্রবীণদের মধ্যে ৭৯ শতাংশ বলেছেন, ভবিষ্যত্ নিয়ে তাঁরা উদ্বিগ্ন। ৮১ শতাংশ বলেছেন, তাঁদের জীবনে প্রাণচাঞ্চল্যের অভাব।


গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় বিষণ্নতায় ভোগা নারীর সংখ্যা ২ দশমিক ৭৯ গুণ বেশি। আবার ৪০-৫৯ বছর বয়সীদের তুলনায় ষাটোর্ধ্ব প্রবীণদের মধ্যে বিষণ্নতায় ভোগার হার ২ দশমিক ৭৯ গুণ বেশি। যাঁরা শুধু সবজি খান তাঁদের মধ্যে বিষণ্নতায় ভোগার হার ২ দশমিক ৪৭ গুণ বেশি। আর যাঁদের আয়-রোজগার কম তাঁদের মধ্যে বিষণ্নতায় ভোগার হার ২ দশমিক ৫৭ গুণ বেশি।


বিষণ্নতা উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য অন্যতম প্রধান স্বাস্থ্য-সমস্যা। পৃথিবীর যেকোনো দেশে ষাটোর্ধ্ব মানুষের মধ্যে এ রোগটি দেখা যায়। সারা বিশ্বে বর্তমানে বিষণ্নতায় ভোগা মানুষের সংখ্যা ১২১ মিলিয়ন।


‘ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ এল্ডারলি ডিপ্রেশন অ্যামাং রুরাল বাংলাদেশি ইনডিভিজুয়াল’ শীর্ষক গবেষণায় কেন গ্রামাঞ্চলের প্রবীণেরা বিষণ্নতায় ভুগছেন, তা খতিয়ে দেখা হয়েছে।

গবেষণাপদ্ধতি

গবেষণাটি পরিচালিত হয় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আড়াই শ নারী-পুরুষের ওপর কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগিতায়। যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের মতো রোগের ইতিহাস আছে, প্রথমেই তাঁদের বাদ দেওয়া হয়। অবশিষ্ট ১৩০ জন নারী-পুরুষকে জেরিয়াট্রিক ডিপ্রেশন স্কেল পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকেরা সিদ্ধান্তে পৌঁছান। গবেষণার আওতায় আসা নারী-পুরুষকে ৩০টি প্রশ্ন করা হয়। এ ছাড়া বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়।


কেন বিষণ্ন প্রবীণেরা

গবেষণার আওতায় আসা প্রবীণদের সবাই গ্রামে থাকেন। তাঁরা প্রায়ই ভোগেন অর্থসংকটে। প্রতিদিনের খোরাকি জোটাতে তাঁদের স্বজনেরা হিমশিম খান। কোনো মৌসুমে প্রচুর বৃষ্টি হলে কিংবা জলোচ্ছ্বাস হলে তাঁদের ফসল নষ্ট হয়ে যায়। গোটা পরিবার গ্রাম ছেড়ে চলে আসে শহরে। প্রবীণদের অনেকেই অভিবাসনের চাপ সহ্য করতে পারেন না। দৈনন্দিন কাজেও পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা করতে পারেন না। তাঁরা নিজেদের বোঝা মনে করেন।


দরিদ্রদের ভেতর আবার নারীরা বেশি বিষণ্নতায় ভুগছেন। গবেষণার আওতায় আসা নারীদের অনেকেই স্বামীর মৃত্যুর পর থেকে বিষণ্নতায় ভুগছেন।

বিষণ্নতায় ভোগা নারী-পুরুষের বড় অংশ শুধু সবজি খেয়ে বেঁচে থাকে। তাঁদের খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব রয়েছে। শুধু সবজি খাওয়ার কারণে এঁদের শরীরে ভিটামিন বি-১২-এর অভাব দেখা দেয়। এই ভিটামিন মানুষকে উজ্জীবিত রাখে।

গবেষকেরা তাঁদের এ গবেষণাপত্রটি থেকে প্রবীণদের বিষণ্নতার ব্যাপারে আরও বড় পরিসরে গবেষণা করার পথ সৃষ্টি হবে বলে আশা করেছেন।