নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার মেঘনা নদীতে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করতে সড়ক পরিবহন ও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদের নেতৃত্বে এলাকা পরিদর্শন করেছে একটি বিশেষজ্ঞ দল। দলটি গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আড়াইহাজারের বিষনন্দী ও বাঞ্ছারামপুরের কড়িকান্দি ফেরিঘাট এলাকা পরিদর্শন করে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কড়িকান্দি ফেরিঘাট এলাকা বিশেষজ্ঞ দলের পরিদর্শনের সময় সেখানে সভা করেন এলাকাবাসী। এতে আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান প্রকৌশলী কবির আহমেদ জানান, বাঞ্ছারামপুর-আড়াইহাজার এলাকার মেঘনা নদীতে চীন-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণ করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক ও আখাউড়া স্থলবন্দরের সঙ্গে ভুলতা-নবীনগর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান হলো বাঞ্ছারামপুর-আড়াইহাজার অঞ্চলের কড়িকান্দি ও বিষনন্দী ফেরিঘাট। সড়কের গুরুত্ব হিসেবে ওই এলাকায় সেতু নির্মাণ করার লক্ষ্যে এলাকা পরিদর্শন করা হয়েছে। সেতুটি নির্মাণ করতে দুই হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করেন তিনি।
এ সময় সাংসদ এবি তাজুল ইসলাম, ফয়জুর রহমান, সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপসচিব মো. রেজাউল হায়দার, উপসচিব জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লেয়াকত আলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ, আড়াইহাজারের ইউএনও সামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।