বিষমিশ্রিত পানি পানে একই পরিবারের চারজন অসুস্থ
বিষমিশ্রিত পানি পান করে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে একই পরিবারের শিশুসহ চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন: সদর উপজেলার পুতাইল ইউনিয়নের কৈতরা গ্রামের আলীমুদ্দিন মোল্লা (৬৫), তাঁর স্ত্রী শিরিয়া বেগম (৫০), মেয়ে রহিমা আক্তার (৩২) এবং নাতনি সাদিয়া সুলতানা (১০)। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওই চারজন নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে কৈতরার নিজ বাড়িতে ফেরেন। তাঁরা বাড়ির ফিল্টার থেকে পানি পান করার পরপরই অসুস্থ হয়ে পড়েন।আলীমুদ্দিনের ভাই দুলু মোল্লা বলেন, পানি খাওয়ার পর তাঁরা বমি করতে থাকেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। ফিল্টারের পানিতে কীটনাশক ফুরাডান মেশানো ছিল বলে তিনি জানান। মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আবদুল মালেক খান প্রথম আলোকে বলেন, বিষজাতীয় পদার্থমিশ্রিত পান করায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার পর তাঁরা এখন বিপদমুক্ত।