বিষমুক্ত আমের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষমুক্ত আমের দাবিতে গতকাল সোমবার বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে৷
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে পৌনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়৷ এই কর্মসূচি চলাকালে বন্ধুসভার চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সাঈদ মাহমুদ, সদস্য জাকির হোসেন, মিজানুর রহমান, আখতারুজ্জামান মিকাশা, মারিয়া হাসান, নঈমুল বারী প্রমুখ বক্তৃতা করেন৷ মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) অহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক আলী উজ্জামান নূর।
বক্তারা বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল। কিন্তু বর্তমানে আম উৎপাদনে মাত্রাতিরিক্ত কীটনাশক ও ছত্রাকনাশক এবং আম পাকাতে নানা ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। এতে করে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এসব কারণে মানুষ এখন বাজার থেকে আম কিনে খেতে ভয় পাচ্ছে৷ এতে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আমের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এ অবস্থায় আম উৎপাদনে মাত্রাতিরিক্ত কীটনাশকের ও আম পাকাতে রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধ করতে প্রশাসনকে আইনানুগ উদ্যোগ নিতে হবে৷
স্মারকলিপি পাওয়ার পর জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, প্রশাসনের অভিযানে আম পাকাতে এ পর্যন্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। তবে এক শ্রেণির ব্যবসায়ী গোপনে বাগানেই আমে রাসায়নিক পদার্থ ব্যবহার করে ঢাকায় পাঠাচ্ছেন। এ অপতৎপরতা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হবে।