বিষমুক্ত কলা চাষ, কৃষকের লাভ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পলিথিনে কাঁদি মুড়িয়ে (ব্যাগিং) কলা চাষ করা হচ্ছে। খরচের তুলনায় কয়েক গুণ লাভ হওয়ায় চাষিরা এ পদ্ধতিতে কলা চাষের দিকে ঝুঁকছেন। এভাবে রোগ ও বিষমুক্ত কলা উৎপাদন করা যায় বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ গৌর গোবিন্দ দাস প্রথম আলোকে বলেন, কীটনাশক ছাড়া ব্যাগিং পদ্ধতিতে কলা চাষের খরচ খুব কম। এভাবে পরিবেশ দূষণ না করে কলা উৎপাদনের মাধ্যমে কৃষক অধিক লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়ায় প্রতিবছরই কলার আবাদ বাড়ছে। এবার উপজেলাটিতে ১২০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। জমিতে কলার সাকার রোপণ থেকে শুরু করে কাঁদি সংগ্রহ করা পর্যন্ত কৃষককে অনেক শ্রম ও অর্থ ব্যয় করতে হয়। কিন্তু বিক্রয়কালে কৃষক উপযুক্ত মূল্য পান না। এর অন্যতম কারণ হলো, কলায় বিটল পোকার আক্রমণ। গাছ থেকে কলা বের হওয়ার সময় এ পোকা মোচার মধ্যে ঢুকে কলার রস খেয়ে ফেলে। ফলে কলার গায়ে বসন্ত রোগের মতো অসংখ্য দাগ দেখা যায় এবং কলা বড় হওয়ার সঙ্গে দাগগুলোও আকারে বড় ও স্পষ্ট হয়। আক্রান্ত কলা আকারে ছোট হয় ও ফলন কমে যায়। ফলে কলার মূল্য কমে যায়। এ অবস্থা থেকে বাঁচতে পাকুন্দিয়া উপজেলা কৃষি বিভাগ ‘ব্যাগিং’ পদ্ধতিতে কলা চাষের পরামর্শ দিচ্ছে।
কয়েকজন কৃষক বলেন, এ পদ্ধতিতে মোচা বের হওয়ার সঙ্গে সঙ্গে কলার কাঁদি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। ৪২ ইঞ্চি লম্বা ও ৩০ ইঞ্চি প্রস্থের দুই মুখ খোলা ছিদ্রযুক্ত সাদা অথবা নীল রঙের পলিথিন ব্যাগের ভেতর মোচা আবৃত করে আলতোভাবে কাঁদির সঙ্গে বেঁধে দিতে হয় এবং নিচের দিকের মুখ খোলা রাখতে হয়। এতে বিটল পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। কাঁদি সম্পূর্ণ বের হওয়ার এক মাস পর চাইলে পলিথিন খুলে ফেলা যায়। তখন কলার চামড়া শক্ত হয়ে যায়। তাই বিটল পোকা ক্ষতি করতে পারে না।
সরেজমিনে পাকুন্দিয়ার চামরাইদ গ্রামে গিয়ে কৃষক হাদিউল ইসলামের ও দক্ষিণখামা এলাকার আবদুর রাজ্জাকের খেতে কলার কাঁদি পলিথিনে ঢাকা দেখতে পাওয়া যায়।
হাদিউল ইসলাম ও আবদুর রাজ্জাক বলেন, ‘পলিথিনহীন দাগওয়ালা কলার কাঁদি আগে আমরা ২০০-২৫০ টাকায় বিক্রি করতাম। এখন তা ৪০০-৫০০ টাকায় বিক্রি করতে পারছি। যে কলার কাঁদি বিক্রি করা হয়, সেই কাঁদি থেকে পলিথিন খুলে নতুন কাঁদিতে লাগিয়ে দেওয়া যায়। আমাদের এ কার্যক্রম দেখে আশপাশের অনেক কৃষক ব্যাগিং পদ্ধতিতে কলা চাষের আগ্রহ দেখাচ্ছেন।’
আঙ্গিয়াদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হামিমুল হক বলেন, পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদন সরকারের স্লোগানকে বাস্তবায়ন করতে কলার কাঁদিতে ব্যাগিং পদ্ধতি বাস্তবায়ন জরুরি।