বিষমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের দাবি করেছেন পরিবেশবাদীরা। গতকাল রাজধানীতে আয়োজিত মানববন্ধনে তাঁরা বলেছেন, বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে ২০১৩ সালে আইনটি প্রণীত হলেও এর বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করা জরুরি। শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গতকাল পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), আইনের পাঠশালা ও পরিবেশ উন্নয়ন সোসাইটি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুখাদ্য থেকে শুরু করে সব ধরনের খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে ভয়াবহ বিষের ব্যবহার চলছে। কীটনাশকের অবাধ ও অতি ব্যবহারে শিশুর করুণ মৃত্যু ঘটছে। এ অবস্থা চলতে থাকলে জাতি পঙ্গুত্বের দিকে ধাবিত হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে নিরাপদ খাদ্যবিষয়ক জাতীয় কমিটির সদস্যসচিব লেলিন চৌধুরী, আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাস খোকন, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।