বিষমুক্ত খাদ্য বিক্রির আহ্বান জানিয়ে বন্ধুসভার প্রচারণা
বিষমুক্ত খাদ্য বিক্রির বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রচারণা কার্যক্রম শুরু করেছে মৌলভীবাজারের প্রথম আলো বন্ধুসভা। গতকাল শনিবার সকালে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় খাদ্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে এ প্রচারণা চালানো হয়। প্রচারণার অংশ হিসেবে গতকাল পশ্চিমবাজার এলাকার শুঁটকি, শাক-সবজি, কলা, আমসহ বিভিন্ন রকম ফল বিক্রেতা এবং মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ‘বিষমুক্ত খাদ্য বিক্রি করুন, অন্যকে বাঁচান, নিজে বাঁচুন, সুস্থ রাখুন আপনার সন্তানকে’ স্লোগানযুক্ত প্রচারপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিষাক্ত খাদ্যের ক্ষতিকর দিক তুলে ধরা হয়।প্রচারণাকালে সবজি বিক্রেতাদের অনেকেই তাঁদের অসহায়ত্ব তুলে ধরে বলেন, তাঁরা বিষমুক্ত কোনো সবজি পান না। এ কারণে বাধ্য হয়েই সেগুলো বিক্রি করতে হয়। সবজি বিক্রেতা আবদুল আলিম বলেন, ‘যারা উৎপাদন করে, তারা যাতে খাদ্যে বিষ না দেয় সে ব্যবস্থা করা দরকার।’ খুচরা ব্যবসায়ী দিলওয়ার হোসেন জানান, মাছ, ফল, কলা, সাগরকলা, সবজিতে ফরমালিন খুব বেশি দেওয়া হচ্ছে। বিশেষ করে খামারিরাই (ফার্ম) বেশি বিষ ব্যবহার করে। গ্রামের চাষিরা সাধারণত বিষ ব্যবহার করেন না।প্রচারণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ, সহসভাপতি মুজাহিদ আহমদ প্রমুখ। বিষযুক্ত খাদ্য বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে বন্ধুসভার এই প্রচারণা বাজারে উপস্থিত ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পর্যায়ক্রমে শহরের ভ্রাম্যমাণ ফল বিক্রেতা, আদালদ এলাকার কাঁচাবাজার ও চৌমোহনা এলাকার টিসি মার্কেটে একইভাবে প্রচারণা চালানো হবে বলে জানিয়েছে জেলা বন্ধুসভা।