বিষমুক্ত চাষাবাদে উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষ ও রাসায়নিক সারমুক্ত চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো কেরানীগঞ্জের সিরাজনগরে। কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ হেল বাকী। সিরাজনগর নিরাপদ আমবাগানের উদ্যোক্তা আশ্রাফউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম প্রমুখ। আশ্রাফউদ্দিন আহমেদ বলেন, ‘পরিবারের সদস্যদের বিষমুক্ত নিরাপদ আম খাওয়ার জন্য ২০১০ সালে বাড়ির পাশের বাগানে ১২টি আমের চারা রোপণ করি। পরে বাণিজ্যিক ভিত্তিতে ২০ বিঘা জমিতে বাগান করি। এখন বাগানে প্রায় বারো শ গাছ রয়েছে। গত বছর প্রায় ১০ টন আম বিক্রি করেছি। আমরা বাগানে কোনো রাসায়নিক সার বা বিষ ব্যবহার করি না। এ বছর প্রায় দ্বিগুণ উৎপাদন হবে। আমরা আমসহ বিভিন্ন ফল এবং অন্যান্য ফসলেও রাসায়নিক সার ও বিষ ব্যবহার না করতে চাষিদের অনুপ্রাণিত করছি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, নিরাপদ বিষমুক্ত আম উৎপাদনে কৃষকদের কারিগরি ও সার্বিক সহযোগিতা করা হবে। আশ্রাফউদ্দিন আহমেদের বাগানটিকে নিরাপদ আম উৎপাদনের প্রকল্প হিসেবে চিহ্নিত করে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।