বিষমুক্ত বেগুন চাষে প্রথমবারেই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর কাজিবাড়ি সন্তোলা গ্রামের কৃষক গোলাম আজম (৫২)। সম্পদ বলতে বসতভিটাসহ তিন বিঘা জমি। জমির আয় দিয়ে কোনো রকম পাঁচ সদস্যের সংসার চলে। কৃষি বিভাগের পরামর্শে তিনি ৩৫ শতক জমিতে বিটি জাতের বেগুন চাষ করেন। উৎপাদন খরচ পড়ে ছয় হাজার টাকা। এ পর্যন্ত ১১ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন, আরও ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। এ যেন প্রথমবারেই বাজিমাতের ঘটনা।
গোলাম আজম বলেন, বেগুন চাষ করে এত লাভ হবে, কখনো ভাবিনি। এবার দুই বিঘা জমিতে বেগুন চাষ করব। সবচেয়ে বড়কথা, এই বেগুন বিষমুক্ত। কারণ, বেগুনের জমিতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি।
গোলাম আজমের মতো একই গ্রামের কৃষক হবিবর রহমান (৪৫) এক হাজার টাকা ব্যয়ে আট শতক জমিতে বেগুন চাষ করেছেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত তিন হাজার টাকার বেগুন বিক্রি করেছি। আরও ২০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারব।’ একই উপজেলার ইসুবপুর গ্রামের কৃষক আবদুস সালাম (৫৫) ১৩ শতক জমিতে বেগুন চাষ করেছেন। তিনি এ পর্যন্ত ছয় হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। তিনি বলেন, ‘বেগুন চাষে মাত্র ৮০০ টাকা খরচ হয়েছে। আরও ২০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারব।’
ওই তিন কৃষকের মতো উপজেলার ১১টি ইউনিয়নের ৯০ জন কৃষক এবার বেগুন চাষ করে সাফল্য অর্জন করেছেন। প্রথমবার বিটি জাতের বেগুন চাষে তাঁরা বাজিমাত করেছেন।
সাদুল্যাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত শীত মৌসুমে বেগুন উৎপাদন হয়ে থাকে। কিন্তু কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে ১২০ বিঘা জমিতে এই প্রথম বিটি জাতের বেগুন চাষ হয়েছে। অক্টোবর মাসের প্রথম দিকে এই জাতের বেগুন চাষ করতে হয়। তিন মাসের মাথায় ফলন পাওয়া শুরু হয়। প্রায় সারা বছরই ফলন পাওয়া যাবে। বাজারে প্রতি কেজি বেগুন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এই বেগুন চাষে বীজ ক্রয়, সার, শ্রমিকসহ প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ হবে ১৩ থেকে ১৫ হাজার টাকা।
এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রব বলেন, বিটি জাতের বেগুন চাষ জেলায় এই প্রথম। কৃষকদের হাতেকলমে বেগুন চাষ পদ্ধতি শেখানো হয়। এ ছাড়া সার্বক্ষণিকভাবে তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে। এখন ফলন ও লাভ পেয়ে কৃষকেরা খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মণ্ডল বলেন, প্রথম অবস্থায় কৃষকদের বেগুন চাষে আগ্রহী করতে বেগ পেতে হয়েছে। কিন্তু উৎপাদনে সাফল্য দেখে উপজেলার অন্য কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ থেকেও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গবেষণা করে বিটি (ব্যাসিলাস ট্যুরিনজিনসিস) জাতের বেগুন বীজ উদ্ভাবন করে। ফলে কোনো প্রকার কীটনাশক ছাড়াই বেগুন উৎপাদিত হচ্ছে।