বিষমুক্ত শসায় সাফল্য
শেরপুরের নকলা উপজেলায় কীটনাশক ছাড়াই শসা চাষ করে এবার সাফল্যের হাসি হাসছেন কৃষকেরা। বাজারে বিষমুক্ত শসার চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় এবার তাঁরা প্রায় দ্বিগুণ লাভ করেছেন। সরেজমিনে কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।কৃষকেরা জানান, শসা লাগানোর ৪০-৪৫ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। এক বিঘা জমিতে শসা আবাদে খরচ পড়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। প্রতি বিঘায় উৎপাদন হয় প্রায় ১০০ মণ শসা। বর্তমানে স্থানীয় পাইকারি বাজারে প্রতি মণ শসা বিক্রি হচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকায়। সেই হিসাবে খরচ বাদ দিয়েও প্রতি বিঘা জমিতে শসার আবাদ করে ৬০-৭০ হাজার টাকা লাভ থাকছে। ধান বা গমের আবাদ করে এই পরিমাণ লাভের কথা ভাবাও যায় না।গৌড়দ্বার এলাকার প্রান্তিক চাষি সুজন মিয়া (৩৮) জানান, কয়েক মৌসুম ধরে তিনি দেড় একর জমিতে ধান আবাদ করেন। তবে তেমন সুবিধা করতে পারছিলেন না। এবার তিনি মাত্র ৩৫ শতক জমিতে কীটনাশক ছাড়াই শসার আবাদ করে দুই মাসের ব্যবধানে খরচের প্রায় দ্বিগুণ লাভ করেছেন। নকলা উপজেলার অনেক কৃষকই এখন সুজন মিয়ার মতো বিষমুক্ত পদ্ধতিতে শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা গ্রামের শসা চাষি শরাফত আলী (৬২) জানান, শসা চাষে রাসায়নিক সারের পরিবর্তে তাঁরা জৈব সার ব্যবহার করছেন। আর পোকামাকড়ের আক্রমণ থেকে শসা রক্ষায় কীটনাশকের পরিবর্তে ‘সেক্স ফেরোমন’ ফাঁদ এবং ‘আলোর ফাঁদ’ ব্যবহার করছেন। এবার উপজেলায় ১২৫ একর জমিতে ওই পদ্ধতিতে শসার আবাদ হয়েছে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানিয়েছে। গৌরদ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, এলাকায় এবার শসার ব্যাপক আবাদ হয়েছে। বিশেষ করে বিষমুক্ত শসা চাষ করে তাঁরা লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, ‘লাভজনক হওয়ায় কৃষকেরা এখন শসা চাষে ঝুঁকে পড়েছেন। আমরা কৃষকদের বিষমুক্ত সবজি, বিশেষ করে জৈবিক সার ব্যবহার করে শসা চাষে উৎসাহিত করছি।’