বিষমুক্ত সবজিতে সবুজ চর
মনু নদের তীর ঘেঁষে বিশাল চর। সেই চর এখন সবজির সবুজে একাকার। চরের বুকজুড়ে চকচক করছে নানা ধরনের সবজি। এই চরটির নাম সাধনপুরের চর। সাধনপুরের চরটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে অবস্থিত। এখানে পাওয়া যায় বিষমুক্ত ও তাজা সবজি। তবে কৃষি বিভাগের সহায়তা পেলে এই চরের কৃষকেরা আরও লাভবান হতেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি, মসুর ও খাসারি ডাল, টমেটো, সরিষা, শিম, বেগুন, আলু, মিষ্টি আলু, তরমুজসহÑআরও বিভিন্ন ধরনের সবজি প্রায় ১০০ একরের চরজুড়ে যেন গলাগলি করে জড়িয়ে আছে। এখানে নানা ধরনের সবজির সবুজে চোখ আটকে থাকে।
সাধনপুর গ্রামের বাসিন্দা ও চরের সবজিচাষি শাহিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘সাধনপুর চরে প্রায় সাত-আট বছর আগে আমিই প্রথম টমেটো দিয়ে সবজির চাষ শুরু করেছিলাম। এরপর এলাকার আরেক কৃষক নাইওর মিয়া চাষ শুরু করেন। পরে সাধনপুর, ফুলপুর ও হরিচকের যেসব কৃষকের জমি চরে পড়েছে। তাঁরা এসে এখানে সবজির চাষ শুরু করেন। এখন তো এই চর সবজিতে সবজিতে ভরে উঠেছে। তবে আমরা সরকারি কোনো সহযোগিতা ও পরামর্শ পাই না। সহযোগিতা পেলে অনেক উপকার হতো।’ শাহিন মিয়া বলেন, তিনি এবার ৬০ শতক জমিতে টমেটো চাষ করেছেন। খরচ হয়েছে ৪০ হাজার টাকার মতো। বিক্রি শুরু করেছেন। এ পর্যন্ত বিক্রি হয়েছে ১১ হাজার টাকা। তিনি ২ লাখ টাকার টমেটো বিক্রির আশা করছেন।
সাধনপুরের কৃষক নাইওর মিয়া বলেন, ‘সাত-আট বছর আগে এখানে চর পড়েছে। আমি একজন বড় কৃষক, কিন্তু এখনো সরকারি কোনো সহযোগিতা পাইনি। সঠিক পরামর্শের অভাবে এবার আমার ৭০ শতক জমির টমেটো মড়ক লেগে মারা গেছে। কৃষি বিভাগের কাউকে আমরা পাই না। এতে আমার প্রায় ৭০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’
জমিতে পানি সেচ দিচ্ছিলেন সাধনপুরের কৃষক রাজু মিয়া। তিনি বলেন, তিনি এ বছর আলু, টমেটো, কপি, বেগুন, ফরাশ, ডাল ও শিমের চাষ করেছেন। ফসল ভালো হয়েছে। এতে তাঁর খরচ হয়েছে ৪০ হাজার টাকার মতো। ২ লাখ টাকার ফসল বিক্রি করতে পারবেন বলে আশা তাঁর। এ ছাড়া সাধনপুরের মুহিবুর রহমান, আলী রাজা, হরিচকের মখলিছ মিয়া, ছবদর আলী, ফুলপুরের আবদুল মান্নানসহ অনেকেই এই চরে সবজির চাষ করেছেন।
কয়েকজন কৃষক বলেন, এই চরের সবজিতে কীটনাশক ব্যবহার করার দরকার পড়ে না। তাঁদের খেতের সবজি বাজারে নিয়েও বিক্রি করতে হয় না। জেলার জুড়ীর কাঁচাবাজারের আড়তদার, কুলাউড়া, রবিরবাজার, শ্রীমঙ্গল, শমশেরনগরসহ বিভিন্ন স্থানের পাইকারেরা সরাসরি এসে খেত থেকে সবজি নিয়ে যান।
হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল বাছিত প্রথম আলোকে বলেন, ‘কৃষিশিল্পের জন্য এটি একটি সম্ভাবনাময় এলাকা। উর্বর জমি, কিন্তু কৃষকেরা এখানে যথাযথ পরামর্শ পাচ্ছেন না। কৃষকরাও চাষাবাদে অনেক উৎসাহী। এলাকার বাশুরি, চক রণচাপ, সুলতানপুর, কটারকোনা এলাকায়ও এ রকম কিছু চর আছে।’
হাজীপুর ইউনিয়নের কটারকোনা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মনোরঞ্জন সিংহ বলেন, ‘চরে বেশির ভাগ আলু, টমেটো, ডালের চাষ হয়েছে। অনেকে মুঠোফোনে যোগাযোগ করেন। পরামর্শ দিই। আর সরকারি সহযোগিতা যা পাওয়া যায়, তা সবাইকে দেওয়া সম্ভব হয় না।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাহান বলেন, ‘একটা ইউনিয়নে পাঁচ-ছয় হাজার কৃষক। আমাদের লোকবল কম। অনেক সময় একটা ব্লকে একজন উপসহকারীর পক্ষে সব কৃষকের সঙ্গে দেখা করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে সার্ভিস নিতে হলে কৃষকদেরও সচেতন হতে হবে। কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদেরও একবারে ত্রুটি নেই, এটাও বলব না।’