বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ফার্ম ডি’ বিভাগ খোলা নিয়ে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের বোঝানোর চেষ্টা করছেন যে, এগুলো অপপ্রচার।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ-সংক্রান্ত সব তথ্য নামিয়ে ফেলার পর কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে, এই নামে কোনো বিভাগই খোলা হয়নি।

অথচ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গতকাল সোমবার ডেইলি স্টার পত্রিকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ চালুর উদ্যোগকে ‘অসততা’ বলে উল্লেখ করে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক করেছে।

এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের একাধিক সূত্র জানায়, কয়েকজন সদস্য ভারপ্রাপ্ত উপাচার্যসহ সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তাঁরা বলছেন, প্রশাসনিক সংকটে প্রায় অচল হওয়া এই প্রতিষ্ঠানটিতে নতুন উপাচার্য যোগ দিচ্ছেন কয়েক দিনের মধ্যে, সমাবর্তনের তারিখ হয়েছে এবং সহ-উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছে। এমন সময় অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত একটি মহল বিশ্ববিদ্যালয়টির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ভুল নিয়ে প্রশ্ন: ভারপ্রাপ্ত উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোসহ অন্যান্য সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেছেন, ভুলক্রমে ফার্ম ডি বিভাগের কথা বলা হয়েছে। ছাত্র-শিক্ষকদের অনেকেই বলছেন, ইউজিসি ও ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত উপেক্ষা করা, সিন্ডিকেটকে মিথ্যা তথ্য দেওয়া, বোর্ড অব ট্রাস্টিকে অন্ধকারে রাখা ভুল হতে পারে না। এ ছাড়া বিভাগ খোলার প্রস্তুতি হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য এবং সমন্বয়কারী জে এম এ হান্নানের বিদেশ সফর, ওয়েবসাইটে এ-সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া, ৩৩ পৃষ্ঠার সিলেবাস প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগকে কেউ ভুল হিসেবে দেখতে রাজি নন।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, নর্থ সাউথ কর্তৃপক্ষের একধরনের অসততা এবং খারাপ উদ্দেশ্য যে ছিল, তাতে কোনো সন্দেহ নেই।

ইউজিসির গণবিজ্ঞপ্তি: গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, সিন্ডিকেট সভার আলোচ্যসূচিতে ফার্ম ডি প্রোগ্রামটি অনুমোদনের বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়। এ-সংক্রান্ত সঠিক তথ্য উপস্থাপন না করে অসততার আশ্রয় নিয়ে কমিশন কর্তৃক ফার্ম ডি প্রোগ্রামটি অনুমোদন দেওয়া হয়েছে মর্মে সভায় উপস্থাপন করা হয়। এটা ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী।

সিন্ডিকেটের সভায় নেওয়া সিদ্ধান্ত: গত ৩০ এপ্রিল ২২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বলা হয়েছে, সভায় উপাচার্য সিন্ডিকেটকে অবগত করেন যে, ইউজিসি ও ফার্মেসি কাউন্সিল ফার্ম ডি প্রোগ্রাম খোলার অনুমতি দিয়েছে। এটা জানার পর সিন্ডিকেট সদস্যরা ভারপ্রাপ্ত উপাচার্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

নর্থ সাউথের প্রতিবাদ: রেজিস্ট্রার মো. শাহজাহানের সই করা প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রথম আলোয় প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, ‘নর্থ সাউথে ফার্ম ডি নামে কোনো বিভাগ খোলা হয়নি। প্রকৃতপক্ষে ইউজিসির অনুমোদন নিয়ে ফার্মেসি প্র্যাকটিস নামে একটি নতুন প্রোগ্রাম খোলার ব্যবস্থা নেওয়া হয়েছে মাত্র। হয়তো এর মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে আমরা মনে করি।’

প্রতিবাদে দাবি করা হয়, এ ক্ষেত্রে জালিয়াতির কোনো প্রশ্নই ওঠে না। এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে বর্তমান প্রশাসনের কোনো সম্পর্ক নেই।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে যা বলা হয়েছিল: গত ৩০ এপ্রিল ভারপ্রাপ্ত উপাচার্য আবদুস সাত্তারের মাধ্যমে জে এম এ হান্নান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিল্পপতি এম এ হাসেমের কাছে একটি আবেদন করেন। ওই আবেদনে অধ্যাপক হান্নান নিজেকে ফার্ম ডি এবং এম ফার্ম প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে দাবি করে বলেন, ‘আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফার্মেসি বিভাগ সম্প্রতি ফার্ম ডি প্রোগ্রাম চালুর অনুমতি পেয়েছে।’ ওই আবেদনে তিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিষয়ে চুক্তি সই এবং সহযোগিতা বৃদ্ধির জন্য সফরের প্রস্তাব করেন। তিনি এবং ভারপ্রাপ্ত উপাচার্য এ জন্য সাড়ে ছয় লাখ টাকা চান। বোর্ড পাঁচ লাখ টাকা অনুমোদন করে।