বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু
বগুড়ার কাহালুতে অবস্থিত একটি কাগজ তৈরির কারখানায় চেম্বার পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন কারখানার মেশিন অপারেটর হীরা (২৮), শ্রমিক আদর আলী (২৩) ও শাহাদত আলী (১৯)। তাঁরা আজাদ পাল্প অ্যান্ড পেপার মিল নামের কারখানাটিতে কাজ করতেন।
কারখানার কয়েকজন শ্রমিক বলেন, ঈদের ছুটির পর কারখানা চালুর জন্য গতকাল বেলা সোয়া ১১টার দিকে ওই তিন শ্রমিক কাগজ গলানোর চেম্বার (চেস্ট হাউস) পরিষ্কার করার জন্য নিচে নামেন। চেম্বারটি প্রায় ২০ ফুট গভীর। সরু একটি মুখে কাঠের মই দিয়ে চেম্বারে ঢোকার পথ। প্রথমে শ্রমিক আদর আলী চেম্বারে নামেন। তিনি অসুস্থ হয়ে পড়লে হীরা ও শাহাদত নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁরাও অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই হীরা মারা যান। কারখানা কর্তৃপক্ষ পরে অসুস্থ আদর আলী ও শাহাদতকে দ্রুত চেম্বার থেকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথেই বাকি দুজনেরও মৃত্যু হয়। কারখানার ব্যবস্থাপক মোশতাক আহম্মেদ বলেন, মাঝেমধ্যেই চেম্বার পরিষ্কার করেন শ্রমিকেরা। কিন্তু আজ তাঁরা অসুস্থ হয়ে এ দুর্ঘটনা ঘটল।
কারখানাটি বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর বীরকেদার বারো মাইলে অবস্থিত। ঘটনার পরপরই বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসপি আসাদুজ্জামান বলেন, তিনজনের ময়নাতদন্তের পর কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।